সীমান্ত চুক্তিসহ অমীমাংসিত সব সমস্যার সমাধান চাই: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি ও ২০১১ সালের প্রটোকল এবং তিস্তার পানিবণ্টন চুক্তিসহ অমীমাংসিত সব সমস্যা নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছেন। ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্বারোপ করেন। খবর বাসসের।
বৈঠকে রাষ্ট্রপতি ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির জন্য ভেড়ামারা (বাংলাদেশ) ও বহরমপুরের (ভারত) মধ্যে ৫০০ কেভি সরবরাহ লাইন চালু করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাগেরহাটের রামপালে যৌথ বিনিয়োগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধনেও সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি ভুটান, বাংলাদেশ, ভারত ও নেপালকে সম্পৃক্ত করে জলবিদ্যুৎ-সংক্রান্ত উপ-আঞ্চলিক সহযোগিতা প্রকল্পের ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা ব্যক্ত করেন।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থে উভয় পক্ষ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উত্তরোত্তর আরও জোরদার হবে।