সীমান্ত জেলা থেকে আসে মাদক
প্রতিদিন কমপক্ষে দুই বোতল ফেনসিডিল সেবন করেন ঢাকার ধামরাইয়ের ইসলামপুরের এক মাদকসেবী। ফেনসিডিল সংগ্রহের জন্য তাঁকে বেশি কষ্ট করতে হয় না। মুঠোফোনে বললেই স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাঁর কাছে পৌঁছে দেন। ধামরাই ও আশপাশের এলাকায় গাঁজা, হেরোইন ও ইয়াবা পাওয়া যায় পথেঘাটেই।প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে এসব মাদকদ্রব্য। দক্ষিণাঞ্চল থেকে সড়কপথে বাস-মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকে করে গোয়ালন্দ ও পাটুরিয়া ফেরিঘাট হয়ে হেরোইন ও ফেনসিডিলের বড় চালান আসে। আর উত্তরাঞ্চল থেকে মাদকদ্রব্যের চালান আসে যমুনা সেতু হয়ে।অনুসন্ধানে জানা যায়, ফেনসিডিল ও হেরোইন বহনের সঙ্গে যুক্ত রয়েছেন উত্তর ও দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন জেলার কয়েক হাজার দরিদ্র নারী-পুরুষ। তাঁরা এসব পৌঁছে দেন রাজধানীসহ আশপাশের এলাকায়। বিশেষ কায়দায় প্যাকেট করে ব্যাগে ভরে অথবা শরীরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বেঁধে তাঁদের বাসে তুলে দেওয়া হয়। তাঁরা মানিকগঞ্জের পাটুরিয়া, উথলী, বরঙ্গাইল, গোলরা; ঢাকার ধামরাইয়ের বারবারিয়া, কালামপুর, ইসলামপুর; সাভারের সাভার বাসস্ট্যান্ড, গেন্ডা, উলাইল, জোরপুল, হেমায়েতপুর, আমিনবাজার ও আশুলিয়ার বাইপাইল, নবীনগর, নয়ারহাটসহ রাজধানীর গাবতলীতে মাদক ব্যবসায়ীদের কাছে তা পৌঁছে দেন।মাদক ব্যবসায়ীরা জানান, মাদক বহনের জন্য বিভিন্ন হারে পারিশ্রমিক দেওয়া হয়।মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, পুলিশ ও র্যাবের নজরদারি এড়াতে মাদক ব্যবসায়ীরা এখন ফেনসিডিল ও হেরোইন পাচারের জন্য সিরাজগঞ্জের চৌহালী, টাঙ্গাইলের নাগরপুরসহ মানিকগঞ্জের সাটুরিয়া ও ঢাকার ধামরাইকে নতুন পথ হিসেবে ব্যবহার করছেন। উত্তরবঙ্গ থেকে সড়কপথে আসা মাদক যমুনার তীরবর্তী সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় নামানোর পর তা নৌকা ও ট্রলারে করে পৌঁছে দেওয়া হয় চৌহালীতে। চৌহালী থেকে ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে করে নাগরপুর-সাটুরিয়া-ধামরাই সড়ক হয়ে তা সাটুরিয়া, ধামরাই ও সাভারের ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হয়।দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আনা হেরোইন ও ফেনসিডিল অনেক ক্ষেত্রে রাজবাড়ীর গোয়ালন্দের বিভিন্ন এলাকায় নামিয়ে রেখে নৌপথে তা পৌঁছে দেওয়া হয় মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায়। পরে সড়কপথে মালুচি ও মাচাইন হয়ে সেসব ফেনসিডিল বিভিন্ন গন্তব্যে পৌঁছে যায়।মাদক ব্যবসায়ীরা জানান, ইয়াবা আসে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে সড়কপথে। ইয়াবা পাচারের সঙ্গেও জড়িত কয়েক শ নারী-পুরুষ।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মশিউদৌলা জানান, সড়ক ও নৌপথে বিভিন্ন জেলা থেকে আসা মাদকদ্রব্য রাজধানী ও আশপাশের এলাকায় বিক্রি হচ্ছে। সাধ্যমতো এসব মাদক উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু মূল ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে না পারায় মাদক পাচার বন্ধ করা যাচ্ছে না। আটক ব্যক্তিরা সঠিক তথ্য না দেওয়ায় মূল ব্যবসায়ীদের গ্রেপ্তার করা যায় না। জনবল, গাড়িসহ পর্যাপ্ত সময়ের অভাবও মাদক নিয়ন্ত্রণের বড় অন্তরায়।মাদক বহনের সঙ্গে জড়িত কয়েক হাজার ব্যক্তি: ১৫ জানুয়ারি ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হন যশোরের আশ্রম মোড়ের এক নারী। তাঁর মেয়েও তাঁর সঙ্গে গ্রেপ্তার হন। পরে তাঁরা জামিনে মুক্তি পান।সম্প্রতি মামলার কাজে আশুলিয়া থানায় আসেন ওই নারী। সেখানে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি প্রথম আলোকে জানান, বছর চারেক আগে তাঁর দিনমজুর স্বামী মারা যান। এর পর থেকে এক ছেলে ও তিন মেয়েকে নিয়ে তিনি অর্থকষ্টে পড়েন। কয়েক মাস আগে তাঁর বড় মেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার টাকার জন্য তিনি তাঁর এক খালাতো বোনের কাছে যান। ওই বোন বেনাপোল থেকে ফেনসিডিলের কারবার করেন। তিনি তাঁকে সরাসরি আর্থিক সহায়তা না দিয়ে ফেনসিডিল বহনের বিনিময়ে টাকা দিতে রাজি হন। অনেকটা নিরুপায় হয়েই তিনি তাঁর প্রস্তাবে রাজি হন। বিশেষ কায়দায় একটি কাগজের প্যাকেটে ফেনসিডিল বেঁধে ব্যাগে ভরে বেনাপোল থেকে মা-মেয়েকে তুলে দেওয়া হয় একটি বাসে। কিন্তু গাবতলী পৌঁছানোর আগেই তাঁরা পুলিশের কাছে ধরা পড়েন।