কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত থেকে গত দেড় মাসে আটক করা ১২ জন বাংলাদেশিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। গতকাল শনিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে এক পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ আশ্বাস দেয়। বৈঠক সূত্র জানায়, ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী বাগভান্ডার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত সেক্টর কমান্ডার পর্যায়ের এ বৈঠকে সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক, অপহরণ ও বিনা উসকানিতে গুলি করে হত্যাসহ অভিন্ন সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের ৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনিসুর রহমান, কুড়িগ্রামের ৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক ও লালমনিরহাটের ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেইন।অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডি এস সন্ধা। এ ছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন ৪৬ ব্যাটালিয়ন বিএসএফের অধিনায়ক রাকেশ চৌহান, ১৮১ ব্যাটালিয়ন বিএসএফের অধিনায়ক ভি পি বাদোলা ও ৭ ব্যাটালিয়ন বিএসএফের অধিনায়ক এস পি সিং।বৈঠক শেষে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নিয়ামুল ইসলাম সাংবাদিকদের জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত থেকে আটক করা ১২ জন বাংলাদেশিকে ফেরত দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিএসএফ শিগগিরই ১২ বাংলাদেশিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। তা ছাড়া আগামী দিনে সীমান্তের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে মর্মে প্রতিশ্রুতি দিয়েছে তারা।