সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়গোচিয়া গ্রামের বাসিন্দা হোসেন আলী (৩২), সরকারবস্তি গ্রামের বাসিন্দা তসির উদ্দিন (৩৪) এবং দালালবস্তি গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন (২৮)। ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে সীমান্তের ৩৭৮ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে ওই তিনজন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছিলেন। এ সময় ভারতীয় সীমান্তের দেড় কিলোমিটার ভেতরে আমবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন। ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের বিষয়টি শুনে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নাগরভিটা সীমান্তের শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, আটক ব্যক্তিদের কাছে ফেনসিডিল পাওয়া গেছে। এ ছাড়া অনুপ্রবেশের অভিযোগে তাঁদের ভারতের নবাবগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।