সীমান্ত দিয়ে চার বাংলাদেশিকে হস্তান্তর
ভারতে কারাভোগের পর দুই দিনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চার যুবককে হস্তান্তর করা হয়েছে। উপজেলার নাকুগাঁও চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে গতকাল রোববার ও গত শনিবার তাঁদের হস্তান্তর করে।
হস্তান্তর করা চার যুবক হলেন উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে সবুজ মিয়া (২১), আলী হোসেনের ছেলে শফিকুর ইসলাম (১৮), পশ্চিম শমশ্চুড়া গ্রামের আমির আলীর ছেলে রুমান মিয়া (২০) ও ফসির উদ্দিনের ছেলে মো. আসাদুজ্জামান (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ মিয়া ও শফিকুর ইসলাম ২০১৫ সালের ৩০ জুন এবং রুমান ও আসাদুজ্জামান ২০১৬ সালের ১ আগস্ট নালিতাবাড়ীর পোড়াগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাঁদের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে পাঠানো হয়। সাজা ভোগের পর শনিবার রুমান ও আসাদুজ্জামানকে এবং রোববার সবুজ ও শফিকুরকে ভারতীয় পুলিশ নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ সময় ভারতের মেঘালয়ের ডালু ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই ডি হাজং, নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, সবুর উদ্দিন, এএসআই ওমর ফারুক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী থানার এসআই মো. নজরুল ইসলাম ও সবুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।