সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র আসছে। চোরাচালানিরা এসব অস্ত্র ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করছে। র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও আটক করেছে। কিন্তু মূল চোরাকারবারিদের ধরতে পারছে না।জয়পুরহাট র্যাবের সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি দিনাজপুরের বৈগ্রাম এলাকা থেকে ইতালির তৈরি সাত দশমিক ৬৫ এমএম পিস্তল একটি ও ছয় রাউন্ড গুলিসহ নুরল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ১৬ ফেব্রুয়ারি পাবনা সদর উপজেলার একটি ঈদগাহ মাঠের পাশ থেকে পাকিস্তানের তৈরি চারটি রিভলবার উদ্ধার করা হয়। ২৩ মার্চ দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানহাটি এলাকা থেকে ইতালির তৈরি দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ হুমায়ন কবির (২৮) ও আমিনুর রহমান (২৭) নামের দুজন গ্রেপ্তার হয়। ২৯ মার্চ একই উপজেলা থেকে পাকিস্তানের তৈরি দুটি রিভলবার ও দুটি শাটারগান উদ্ধার হয়।১৯ এপ্রিল র‌্যাব জয়পুরহাট শহরের পৌর এলাকার শান্তিনগর মহল্লা থেকে আমেরিকার তৈরি একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ হুমায়ন মোল্লা (৫৫) ও রফিকুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে। ২৪ এপ্রিল দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে আমেরিকার তৈরি একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ ওই গ্রামের জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হয়। ১৭ মে একই এলাকা থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার হয়। জয়পুরহাট র্যাবের উপ-অধিনায়ক মো. শরিফ উদ্দিন প্রথম আলোকে জানান, ২০০৯ সালের মে থেকে এখন পর্যন্ত ২২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি, পাঁচটি ম্যাগজিন উদ্ধার হয়েছে। অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করে থানায় সোপর্দ ও মামলা হয়েছে।র‌্যাব, পুলিশ ও বিডিআর সূত্রে জানা গেছে, জয়পুরহাট ও দিনাজপুর জেলার সীমান্তবর্তী কয়া, চেচড়া, কড়িয়া, আটাপাড়া, হাটখোলা, উচনা, ঘোনপাড়া, কালীতলা, লকমা, নুন্দইল, হিলি ডাঙ্গাপাড়া, হাড়ির পুকুর, বিরামপুর ও হিলি হাকিমপুর সীমান্ত গলিয়ে এসব অস্ত্র দেশে ঢুকছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কিছু অস্ত্র উদ্ধার হলেও অধিকাংশই সন্ত্রাসীদের হাতে চলে যাচ্ছে।