সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাংলাদেশ ও ভারতের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের দুই দিনের সম্মেলন শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে নগরের একটি মোটেলে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং নারী ও শিশু পাচার বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে দুই দেশের তিনটি করে সীমান্তবর্তী জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য প্রতিনিধিরা অংশ নিয়েছেন। জেলাগুলো হলো বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার এবং ভারতের উনাকাটি, ধলাই ও উত্তর ত্রিপুরা।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।

সম্মেলনে বিভাগীয় কমিশনার বলেন, দুই দেশের সম্প্রীতি ও বন্ধন অটুট রাখার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলন ফলপ্রসূ হবে বলে তিনি আশা করছেন।

সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন উনাকাটির জেলা ম্যাজিস্ট্রেট পি আর ভট্টাচার্য।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। তিনি ভারত-বাংলাদেশের সুসম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সম্মেলনের আলোচ্যসূচি তুলে ধরেন।

ভারতীয় প্রতিনিধিদলের নেতা পি আর ভট্টাচার্য বলেন, উভয় দেশের বন্ধুত্ব অনেক দৃঢ়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে উভয় দেশই প্রতিজ্ঞাবদ্ধ।

সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য সড়ক নির্মাণ, সীমান্ত হাট প্রতিষ্ঠা, সীমান্তে অপ্রয়োজনীয় উত্তেজনা ও সংঘর্ষ পরিহার, সীমান্ত এলাকায় যৌথ ভূমি জরিপ শেষ করা, মাদক চোরাচালান রোধ, নারী ও শিশুপাচার রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, আন্তসীমান্ত অপরাধ ও সন্ত্রাস নিরোধ করা, বিজিবি-বিএসএফের যৌথ টহল জোরদার, সীমান্ত এলাকার নদ-নদীর বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ করা, উভয় দেশের সংস্কৃতির আদান-প্রদান ও জালনোট রোধ করা।

সম্মেলনের উদ্বোধনের পর উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। খাগড়াছড়ি জেলার প্রতিনিধিদের সঙ্গে ভারতের ধলই জেলার প্রতিনিধিরা, রাঙামাটি জেলার প্রতিনিধিদের সঙ্গে ভারতের উনাকাটি জেলার প্রতিনিধিরা এবং মৌলভীবাজারের প্রতিনিধিদের সঙ্গে ভারতের ধলই ও উনাকাটি জেলার প্রতিনিধিরা আলোচনা করেন।

সম্মেলন সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।