সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যবহার বে আধুনিক যন্ত্রপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করবে বিজিবি। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ায় এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ব্যবস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম।
কুষ্টিয়া শহরের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে এ সেমিনার হয়। এতে জানানো হয়, সীমান্তে অবাধ চলাচলে অপরাধপ্রবণতা বাড়ে। তাই অনুপ্রবেশ ও অপরাধপ্রবণতা কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
বিজিবি চুয়াডাঙ্গার ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর মজিদ, ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান ও কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম বক্তব্য দেন। তাঁরা সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার করে অনুপ্রবেশ ও অপরাধ কমানোর বিভিন্ন দিক তুলে ধরেন। উদাহরণ হিসেবে তাঁরা ভারত-পাকিস্তান, যুক্তরাষ্ট্র-ম্যাক্সিকো ও ইসরায়েলের সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের ভিডিওচিত্র দেখান।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির আওতায় সীমান্তে সড়ক করার প্রক্রিয়া আছে। থার্মাল ইমেজার বসানো হবে। এর মাধ্যমে গভীর রাতেও কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে চাইলে ধরা পড়বে। এ ছাড়া অত্যাধুনিক সিসি ক্যামেরা, নাইটভিশন বাইনোকুলার ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি করা হবে।
সেমিনারে বিজিবি যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান, খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল এ এস এম আনিসুল হক, কুষ্টিয়া সেক্টরের কমান্ডার আবু সঈদ আল মসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।