সীমান্ত বন্ধের খবর সঠিক নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধমান জেলায় গত সপ্তাহের বিস্ফোরণের ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। 

আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে বলে বাসসের খবরে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তার প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করা হয়। তাঁরা বলেছে, এ ধরনের কোনো নির্দেশনা তাঁরা দেননি।’

ভারত সীমান্তে নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে অরক্ষিত সীমান্ত পয়েন্টগুলো বন্ধের নির্দেশ দিয়েছে বলে ভারতীয় পত্রপত্রিকার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দেয়।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার খয়রাগড়ায় গত বৃহস্পতিবার বোমা বানাতে গিয়ে শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নামের দুজন নিহত হন। তাঁরা বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে দাবি করেছে রাজ্য পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পর গ্রেপ্তার শাকিল আহমেদের স্ত্রী রাজিয়া বিবি ও আহত আবদুল হাকিমের স্ত্রী আলিমা বিবিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন বলেছেন, তাঁরা জেএমবির সঙ্গে যুক্ত।