সীমান্ত বিল ঘিরে অনিশ্চয়তা
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘেরাটোপে সীমান্ত চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় কাটছে না। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর শাসনামলে চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করেছিল বিজেপি। এবার বিজেপি আগামী বছর আসামের রাজ্য বিধানসভার নির্বাচনে জিততে বিল থেকে রাজ্যটি বাদ দিয়ে সংশোধনী আনায় কংগ্রেস তাতে সমর্থন দেবে কি না, তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
ভারতের সংবিধান সংশোধন বিল সংসদের রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে পাস করাতে হয়। কংগ্রেস বিলের সক্রিয় বিরোধিতা করলে বিল পাস হওয়া কঠিন হয়ে যাবে—এই আশঙ্কার কথা স্বীকার করে বিজেপির শীর্ষ পর্যায়ের একজন নেতা গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, শেষ পর্যন্ত সীমান্ত বিলের ভাগ্যে কী লেখা আছে, তা এখনই বলা সম্ভব নয়।
দুই প্রতিবেশী দেশের সীমান্ত আরও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে ১৯৭৪ সালের ১৬ মে নয়াদিল্লিতে সীমান্ত চুক্তি সই হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এতে সই করেন। চুক্তিটি সইয়ের পর পরই তা বাংলাদেশের জাতীয় সংসদে অনুসমর্থন করা হয়েছিল। অথচ দীর্ঘ চার দশকেও চুক্তিটি অনুসমর্থন করেনি ভারতের কোনো সরকার। ফলে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের পাশাপাশি সাড়ে ছয় কিলোমিটার সীমানা অচিহ্নিত থেকে যায়।
শেষ পর্যন্ত চুক্তিটি বাস্তবায়নের জন্য ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত প্রটোকল সই করেছিলেন একটি প্যাকেজের আওতায়। ঢাকার কূটনীতিকেরা জানিয়েছেন, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য আনা বিলের সংশোধনীর ব্যাপারে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। এখন সেই প্যাকেজ থেকে একটি অংশ বাদ দিলে তা জটিলতা সৃষ্টি করতে পারে।
এদিকে বিলটি কবে সংসদে উপস্থাপন করা হবে, তা নিয়ে গত বৃহস্পতিবারের বৈঠকেও সংসদের কার্য উপদেষ্টা কমিটি একমত হতে পারেনি। এর আগের দিন সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ৫ মের পরে বিলটি রাজ্যসভায় পেশ করার কথা জানান। গত বৃহস্পতিবার লোকসভায় সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি জানান, আগামী সপ্তাহে যে বিলগুলো সরকার এই কক্ষে আনতে চায়, সেগুলোর মধ্যে সীমান্ত বিলও রয়েছে। সরকারের এই ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার, রাজ্যসভায় পাস করানোর পর ৮ মে লোকসভার অধিবেশন শেষ হওয়ার আগে সরকার নিম্নকক্ষেও ১১৯তম সংবিধান সংশোধন বিল পাস করাতে আগ্রহী।
তবে সরকার বিলটি পাসে আগ্রহী হলেও কংগ্রেস এই খণ্ডিত বিলকে সমর্থন করবে কি না, তা নিয়ে দ্বিধাগ্রস্ত। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে দু-এক দিনের মধ্যে বৈঠকে বসবেন। দলের শীর্ষ পর্যায়ের এক নেতা বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিজেপি আগামী বছর আসাম বিধানসভার নির্বাচন জিততে আসামের রাজ্যনেতাদের চাপে রাজ্যটি বাদ দিয়ে বিলটি আনতে চাইছে। কংগ্রেস কেন তাদের রাজনৈতিক অভিসন্ধি সফল হতে দেবে? আসাম থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেস সদস্য পঙ্কজ বোরা প্রথম আলোকে বলেন, ‘বিল দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
বিজেপির বেশি চিন্তা ছিল তৃণমূল কংগ্রেসকে নিয়ে। ভেঙ্কাইয়া নাইডু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও তাঁকে ফোন করেন। সুষমাকে মমতা বলেন, দুই বাংলার স্বার্থে তাঁরা এই চুক্তি বাস্তবায়নে আগ্রহী। আসামকে বাদ রাখলেও তাঁদের আপত্তি নেই। ছিটমহলবাসীর দুর্দশা যত দ্রুত ঘোচে তত মঙ্গল। তাই তাঁরা এই বিলে পূর্ণ সমর্থন দেবেন। তৃণমূল সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এ জন্য যে আর্থিক প্যাকেজ কেন্দ্র দিচ্ছে, পুনর্বাসন প্রকল্প হচ্ছে, তাতে রাজ্য খুশি।
তৃণমূল কী করবে, তা জানতে আগ্রহী কংগ্রেসও। কংগ্রেসের দুই শীর্ষ নেতা গোলাম নবী আজাদ ও আনন্দ শর্মা গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়ানের সঙ্গে বৈঠক করেন। ডেরেক তাঁদের বিলটিতে দলের সমর্থনের কথা জানিয়ে দেন। তিনি জানতে চান, কংগ্রেস কী করবে। গোলাম নবী আজাদ ও আনন্দ শর্মা তাঁকে বলেন, বিষয়টি জটিল। বিজেপি কীভাবে এটা করতে চাইছে, তা দেখতে হবে। গোটা বিষয়টি নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শিগগিরই শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
কংগ্রেসের একাংশের মতে, প্রগতিশীল গণতান্ত্রিক জোট (ইউপিএ) যখন এই বিল আনতে চেয়েছিল, বিজেপি তখন তীব্র আপত্তি জানিয়েছিল। দলটি সংসদের ভেতরে ও বাইরে এই বিলের চরম বিরোধিতা করেছিল। এখন দলীয় স্বার্থে কংগ্রেসের আমলে পেশ করা বিলে সংশোধন করে তা পাস করাতে চাইছে বিজেপি। সেটা করার একমাত্র উদ্দেশ্য আসামের রাজনৈতিক ক্ষমতা দখল। বিজেপির এই ক্ষুদ্র স্বার্থ কংগ্রেস কেন চরিতার্থ হতে দেবে? এই প্রশ্নের পাশাপাশি কংগ্রেসের আসাম নেতৃত্ব থেকেও প্রশ্ন উঠেছে, বিধানসভার ভোটে বিজেপির সুবিধা করে দিতে কংগ্রেস কেন সাহায্যের হাত বাড়াবে?
সীমান্ত চুক্তির প্রটোকলে ভারত যে সংশোধনী আনছে সে বিষয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, এই পরিবর্তন দীর্ঘ চার দশকের অমীমাংসিত সমস্যার সমাধানকে অনিশ্চিত করে তুলবে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক কোনো চুক্তিতে এভাবে একতরফাভাবে পরিবর্তন আনা যায় না। তাই সীমান্ত চুক্তির প্রটোকল থেকে আসামকে বাদ দেওয়ার ব্যাপারে বিজেপির সিদ্ধান্তে অবাক হয়েছি। কংগ্রেস সরকার আসামকে রেখেই বিলটি রাজ্যসভায় উত্থাপন করেছিল। এখন সেটিতে পরিবর্তন আনা যায় কি না, সেটিও প্রশ্ন। তবে বাংলাদেশের এ ব্যাপারে ভারতের কাছে অবশ্যই ব্যাখ্যা চাওয়া উচিত।’