সীমান্ত বিল পাস সরকারের কূটনৈতিক সাফল্য: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে ১১৯তম সংবিধান সংশোধনী বিল পাসকে তাঁর সরকারের ব্যাপক কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে এই বিল পাসের ফলে বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক দশকের সীমান্ত বিরোধ নিষ্পত্তির পথ সুগম হলো।
ইন্দিরা-মুজিব চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারত উভয় দেশের সীমান্তে ভূমি ও নাগরিক কেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির এই স্থল সীমান্ত বিল রাজ্যসভায় উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বিলটি পাসের প্রেক্ষাপট উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলা ভাগের পর থেকে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত কেউই এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম দুই প্রতিবেশী দেশের মধ্যকার কয়েক দশকের পুরোনো সীমান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু এর সমাধানে কাজও করেছেন। কিন্তু বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর এই প্রক্রিয়া থেমে যায় এবং পরবর্তী কোনো সরকার এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ’৭৫-পরবর্তী সরকারগুলো ভারতের সঙ্গে স্থলসীমান্ত হোক বা সমুদ্রসীমা, কোনো অমীমাংসিত বিষয় নিষ্পত্তির উদ্যোগ নেয়নি।

শেখ হাসিনা বলেন, ওই সরকারগুলো স্বাধীনতা বিক্রির অভিযোগ করে কেবল আওয়ামী লীগকে গালিই দিয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে তারা দেশের কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঝুলে থাকা সব সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে আবারও এই প্রক্রিয়া থেমে যায়। ২০০৯ সালে ক্ষমতায় ফিরে এসে আওয়ামী লীগ সরকারই এই প্রক্রিয়া পুনরুজ্জীবিত করে। সরকার ইতিমধ্যে ভারতের সঙ্গে স্থলসীমান্ত ও সমুদ্র সীমা—এ দুটি বিরোধ নিষ্পত্তি করেছে।