সীমান্ত বিল পাসের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশনে সীমান্ত বিল পাস হওয়ার সম্ভাবনা প্রবল। ভারত সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলেরও ধারণা, সীমান্ত বিল রূপায়ণের বাধাগুলোর সবই প্রায় কেটে গেছে।
শীতকালীন অধিবেশন গতকাল সোমবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সীমান্ত বিল নিয়ে তাদের সুপারিশ চূড়ান্ত করবে। স্থায়ী কমিটির চেয়ারম্যান কংগ্রেসের শশী থারুর। বাংলাদেশের প্রতিনিধিদল আজ তাঁর সঙ্গে বৈঠক করবে।
সীমান্ত বিল নিয়ে সুপারিশ চূড়ান্ত করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি আজ বিকেলে বৈঠকে বসছে। কমিটির আগের বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষে দিল্লির রেসিডেন্ট কমিশনার যোগ দিলেও বিল নিয়ে তিনি কোনো সুপারিশই করেননি। ফলে আর অপেক্ষায় না থেকে বিলটি চূড়ান্ত করে আজই সংসদকে দেওয়া হবে। সরকার চাইছে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় উৎসবের আগেই বিলটি সংসদের দুই কক্ষে পাস করাতে।
ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) উদ্যোগে ১০ সদস্যের বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দলটি কলকাতা হয়ে দিল্লি এসেছে। প্রতিনিধিদলের নেতা সাংসদ ফারুক খান মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সীমান্ত বিল রূপায়ণ নিয়ে তাঁদের সংশয় বহুলাংশে কাটিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত বিল যে এখন আর তেমন কোনো ইস্যু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তা তাঁদের বুঝিয়ে দিয়েছেন। যদিও এটাও তিনি জানাতে ভোলেননি যে তিস্তা নিয়ে তাঁর এখনো আপত্তি রয়েছে।
বাংলাদেশের সংসদীয় কমিটি ভারতের নির্বাচন কমিশনেও যায়। পরে ওআরএফে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর এক আলোচনাসভায় অংশ নেয়। ভারতের সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে সম্পর্কোন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তাঁরা আলোচনা করেন। সকলেই একমত হন, গণতন্ত্র, প্রগতি ও উন্নয়নের স্বার্থে দুই দেশকেই একযোগে এগোতে হবে। সবাই স্বীকার করেন, গত কয়েক বছরে দুই দেশ পরস্পর যতটা কাছাকাছি এসেছে, অতীতে তা কখনো হয়নি।
রাহুলের সঙ্গে সাক্ষাৎ: গতকাল সোমবার বাংলাদেশের সংসদীয় দলটি কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে। বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে এত চমকপ্রদ ফল কী করে করল, রাহুল গান্ধী তা প্রতিনিধিদলের কাছে জানতে চান। ফারুক খান বলেন, রাহুল এই ফলে বিস্মিত। তিনি বারবার বলেন, বহু ক্ষেত্রে বাংলাদেশে অগ্রগতি ভারতের চেয়েও ভালো। বাংলাদেশ এ ক্ষেত্রে রোল মডেল হয়ে গেছে।