সীমান্ত বিলের প্রতিবেদন লোকসভায় জমা
সীমান্ত বিল নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন লোকসভায় জমা পড়ল। স্থায়ী কমিটির নেতা লোকসভার কংগ্রেস সদস্য শশী থারুর গতকাল সোমবার প্রতিবেদনটি জমা দেন। প্রতিবেদনটি কমিটিতে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
মূল প্রতিবেদন ১৮ পাতার। সঙ্গে বিভিন্ন সংযোজন মিলিয়ে মোট ৫২ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ ও মানবিকতার স্বার্থে অবিলম্বে এই ১১৯তম সংবিধান সংশোধন বিলটি সংসদে পাস করা দরকার। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটি খতিয়ে দেখবে। পঞ্চদশ লোকসভার শেষ দিকে রাজ্যসভায় যে বিলটি পেশ করা হয়েছিল, তার সঙ্গে এই প্রতিবেদনের সুপারিশগুলো মিলিয়ে দেখা হবে। প্রয়োজন হলে সংশোধনও করা হবে। তারপর পেশ করা হবে খসড়া বিল। কত দ্রুত সেই বিল আনা হতে পারে, তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, সরকার শিগগিরই বিলটি পাস করাতে চাইছে।
সীমান্ত বিলের সঙ্গে ভারতের চারটি রাজ্য জড়িত—পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়। স্থায়ী কমিটির প্রতিবেদনের প্রধান সুপারিশ, রাজ্য সরকারগুলোর সঙ্গে রাজনৈতিক পর্যায়ে কথাবার্তা বলেই পুনর্বাসন ও পুনর্বহালের কাজ করতে হবে। কোনো ত্রুটি থাকলে তা রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই কেন্দ্রকে ঠিক করতে হবে। এই সুপারিশও করা হয়েছে, বিন্দুমাত্র দেরি না করে বিলটি পাস করা উচিত। বাংলাদেশের যে ছিটমহলগুলো ভারতে আসবে, সেগুলোর উন্নয়নের ‘ব্লু প্রিন্ট’ কেন্দ্রকে প্রস্তুত রাখতে হবে, যাতে দেরি না হয়। আরও বলা হয়েছে, ভারতের নাগরিকত্ব যাঁরা পাবেন, তাঁদের বিষয়ে ভালোমতো খোঁজখবর যেন নেওয়া হয়। আর সুপারিশ, যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশে থেকে যাবেন, তাঁদের উপযুক্ত রক্ষাকবচের বন্দোবস্ত যেন করা হয়।
সময় নষ্ট না করেই সরকার যে সীমান্ত বিল বাস্তবায়নে আগ্রহী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তা গত রোববার আসামের জনসভায় স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, আসামের স্বার্থেই এই বিল পাস হওয়া দরকার। কারণ, এই ছিটমহলগুলোর জন্যই আসামে অনুপ্রবেশ ঘটে চলেছে। প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা মনে করছেন আসামের ক্ষতি হবে, তাঁরাই দেখবেন ভবিষ্যতে আসামের লাভ কী রকম হবে। প্রধানমন্ত্রীর এই ভাষণের পর সীমান্ত বিল নিয়ে আর কোনো সংশয়ের অবকাশ থাকল না।
লোকসভায় স্থায়ী কমিটির যে প্রতিবেদন পেশ হলো, তাতেও পূর্ণ সম্মতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সম্মতির পর অসম্মতির সুর বাকি থাকল শুধু আসাম গণপরিষদের। তবে বিল আটকানোর ক্ষমতা তাদের নেই। সংবিধান সংশোধন বিল পাসে প্রয়োজন সভার দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন।
কেন্দ্রীয় সরকার ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের আগেই সীমান্ত বিলটি পাস করাতে চাইছে। তা করার যথেষ্ট সময়ও অবশ্য সরকারের হাতে রয়েছে। সাধারণত সংবিধান সংশোধন বিল খতিয়ে দেখতে এক সপ্তাহের সময় দেওয়া হয়। সেই সময় দিয়েও ১৬ ডিসেম্বরের আগে বিলটি অনায়াসে পাস করানো সম্ভব। তবে কোনো কারণে তা না হলে ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া বাজেট অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্য, সরকার চাইলে শুধু এ জন্যই সংসদের যুগ্ম অধিবেশন ডেকে বিলটি পাস করাতে পারে।