সীমান্ত-ব্যবস্থাপনা সমঝোতা প্রকাশের দাবি বিএনপির
বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বাক্ষরিত যৌথ সীমান্ত-ব্যবস্থাপনাসংক্রান্ত সমঝোতা স্মারক প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।গতকাল শনিবার দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।শনিবার সকালে সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের মধ্যে এক বৈঠকে সীমান্ত-ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।লেবার পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যা সমাধানে সরকারের কোনো সফলতা নেই, বরং সরকার তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সীমান্তে মানুষ হত্যা বন্ধ হয়নি। ছিটমহল সমস্যারও কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি।বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে তা হতে হবে আমার দেশের মানুষের অধিকার রক্ষা করে সমতার ভিত্তিতে।’ তিনি অভিযোগ করেন, সরকারের ‘নতজানু পররাষ্ট্রনীতির’ কারণে অমীমাংসিত সমস্যাগুলোর কোনো সমাধান হচ্ছে না। ওই সমস্যাগুলোর সমাধান ছাড়াই ভারতকে ট্রানজিট ও বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে অভিমত দেন মির্জা ফখরুল।লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মহানগর আমির রফিকুল ইসলাম খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।