সীমান্ত ব্যবস্থাপনায় গতি আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে হলে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সরকারের বিভিন্ন বিভাগকে যৌথ ও সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যথায় সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান এবং নারী ও শিশু পাচারসহ অন্যান্য অপরাধ বন্ধ করা কঠিন।চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয় মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘যৌথ সীমান্ত ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে বিজিবির কর্মকর্তারা এ কথা বলেন। সেমিনারে বিজিবির বিভিন্ন সেক্টর সদর দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিনিধি, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড, কাস্টম, ভূমি রাজস্ব বিভাগ, জরিপ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল গোলাম ফারুক নূরে কমর চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ের অধিনায়ক কর্নেল কামরুজ্জামান।বিজিবির কর্মকর্তারা বলেন, সীমান্ত ব্যবস্থাপনা একটি জটিল বিষয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমানা তত্ত্বাবধানের পাশাপাশি সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান দমন, যোগাযোগব্যবস্থা ও সীমান্ত এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং নারী ও শিশু পাচার রোধে কাজ করতে হয়। এ জন্য শুধু বিজিবির পক্ষে সুষ্ঠুভাবে সীমান্ত ব্যবস্থাপনা সম্ভব নয়। তাই গতিশীল সীমান্ত ব্যবস্থাপনার জন্য সরকারের সব বিভাগ যৌথ ও সমন্বিতভাবে কাজ করতে হবে।প্রধান অতিথি নূরে কমর চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে সীমান্তের উভয় অংশে কিছু দুর্গম এলাকা রয়েছে। ওইসব এলাকায় সীমান্ত চৌকি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মূল প্রবন্ধে কর্নেল কামরুজ্জামান বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের সবচেয়ে সহিংস সীমান্ত বলা হলেও আগের চেয়ে পরিস্থিতি উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন উদ্যোগে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্তসহ পরস্পরের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বোঝাপড়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি বিভাগের জন্য যৌথ ও সমন্বিতভাবে কাজ করার আরও সুযোগ সৃষ্টি হয়েছে।