সীমান্ত ব্যবস্থাপনায় দিল্লিতে জোড়া বৈঠক
স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের পর বাংলাদেশ ও ভারত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে। এ জন্য প্রায় একই সময়ে দিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। একটি বৈঠকে অংশ নেবেন দুই দেশের সীমান্তবর্তী জেলাগুলোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারেরা, অন্য বৈঠকটি হবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পরিচালকদের মধ্যে। দুই বৈঠকেরই উদ্দেশ্যে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করে তোলা যাতে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ বন্ধ হয় এবং সীমান্তবর্তী অঞ্চলের সার্বিক উন্নতি ঘটে।
ভারতের মোট পাঁচটি রাজ্যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। এই পাঁচ রাজ্যের যে জেলাগুলি সীমান্তের গা ঘেঁষা, তাদের জেলা প্রশাসকেরা চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের গোড়ায় দিল্লিতে মিলিত হচ্ছেন। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর শাসক ও পুলিশ সুপারেরাও বৈঠকে যোগ দিতে দিল্লি আসবেন। বাংলাদেশ হাইকমিশন সূত্রে বলা হয়, ভারত চেয়েছিল রমজান চলাকালীনই বৈঠক হোক। কিন্তু বাংলাদেশ জানায়, ঈদের পর বৈঠক হলেই ভালো।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এই বৈঠকের মূল লক্ষ্য দুটি। প্রথম লক্ষ্য দুই দেশের সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসনের মধ্যে নিবিড় বোঝাপড়া গড়ে তোলা। এই বোঝাপড়ার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের তথ্যের আদান-প্রদান সহজতর হবে যাতে সীমান্তের দুধারে অন্তত দশ কিলোমিটার পর্যন্ত অঞ্চলে অসামাজিক কাজকর্ম বন্ধ করা যায়। অসামাজিক কাজ বলতে প্রধানত বিভিন্ন জিনিসের চোরাচালান বন্ধের ওপর জোর দেওয়া হচ্ছে। যেমন, জাল নোট, মাদক, অস্ত্র এবং নারী ও গরু পাচার। দ্বিতীয় লক্ষ্য, অর্থনৈতিক দিক থেকে সীমান্তবর্তী জেলাগুলোর উন্নয়ন করা ও যুব সমাজের বিকল্প আয়ের ব্যবস্থা করা যাতে চোরাচালান তাদের আয়ের একমাত্র উপায় না হয়। সীমান্তবর্তী অঞ্চল নিয়ে যে সব সংগঠন কাজ করে চলেছে, তাদের বিভিন্ন সুপারিশও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করছে। সেই সব প্রস্তাবের কিছু কিছু এই বৈঠকগুলিতে আলোচিত হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর।
মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় শেষ হয়ে গেলে সীমান্তবর্তী জেলাগুলিতে ব্যাপক উন্নয়নকাজ শুরু হয়ে যাবে। এই উন্নয়ন ওই এলাকায় কর্মসংস্থানের সমস্যা খানিকটা কমিয়ে দেবে। স্থানীয় ছেলে-ছোকরাদের খেলাধুলায় উৎসাহী করে তুলতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সীমান্তবর্তী রাজ্যগুলোকে বাড়তি অর্থ সাহায্য করছে। একটা প্রস্তাব হলো, এই সমস্ত অঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় দুই দেশের ছোটদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা শুরু করা। সে জন্য দুই দেশের প্রতিযোগীদের যাতায়াতের নিয়মকানুন শিথিল করার প্রস্তাবও রয়েছে। খেলার মধ্যে প্রাধান্য দেওয়া হচ্ছে ফুটবল, কাবাডি ও ভলিবলকে। সীমান্ত হাট ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই হাটের সংখ্যা আরও বাড়ানো যায় কী করে সেই চিন্তা দুই দেশেরই রয়েছে। সে ক্ষেত্রে সীমান্ত অঞ্চলের প্রশাসনের ওপর কী ধরনের চাপ বাড়বে ও কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মনে করে, সীমান্ত সমস্যার বেশির ভাগটাই চোরাচালান কেন্দ্রিক। সেই চোরাচালানের সিংহভাগ জুড়ে রয়েছে গরু-বাণিজ্য। সীমান্তে অশান্তির মূল কারণও এই গরুর চোরাচালান। বিপুল পরিমাণ অর্থ এই চোরাচালানের সঙ্গে জড়িত এবং বাংলাদেশে ভারতীয় গরুর চাহিদা আকাশ ছোঁয়া বলে গরু পাচার পুরোপুরি বন্ধ করা অসম্ভব। কিন্তু বিএসএফ মনে করে, জেলা পুলিশ ও প্রশাসনের সক্রিয় সহায়তা পেলে গরু পাচার একেবারে বন্ধ করা যায়। তাঁদের বক্তব্য, গরুর দল সীমান্ত পর্যন্ত আসতেই পারবে না, যদি রাজ্য পুলিশ ও প্রশাসন তৎপর হয়। বিভিন্ন মহলের হিজাব অনুযায়ী গত কয়েক মাসে গরু পাচারের হার প্রায় সত্তর শতাংশ কমে গিয়েছে।
এই দুই বৈঠকের আরও একটা গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি অনুপ্রবেশ সমস্যা। এই সমস্যার সঙ্গেই জড়িয়ে রয়েছে সন্ত্রাসবাদী কাজকর্ম ও তাদের অবাধ যাতায়াত। গত পাঁচ বছরে দেশের উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদী কাজকর্ম অনেকটাই কমেছে বাংলাদেশের কঠোর মনোভাবের ফলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, স্থল সীমান্ত চুক্তি পুরোপুরি কার্যকর হলে সীমান্ত সম্পূর্ণভাবেই চিহ্নিত হয়ে যাবে। ফলে অনুপ্রবেশে যেমন কমবে, তেমনই কমবে সন্ত্রাসীদের উপদ্রব। কিন্তু তা সত্ত্বেও আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার ওপর বিশেষ নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্ত্রকের অভিমত। সে জন্য দুই দেশের এই জেলাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বৈঠকের মূল লক্ষ্য।