সীমান্ত ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও তাঁদের পরিবারের কল্যাণে উদ্বোধন করা হলো সীমান্ত ব্যাংক। একে বিজিবির সদস্যদের জন্য সরকারের পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার সকালে বিজিবির সদর দপ্তর পিলখানার ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে এ বাহিনী আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম গ্রাহক হিসেবে নতুন প্রতিষ্ঠিত ব্যাংকটিতে একটি অ্যাকাউন্টও খোলেন তিনি।

বিজিবির ৪০০ কোটি টাকার প্রাথমিক মূলধন জোগান দেওয়াসহ অন্যান্য কাজ শেষে সীমান্ত ব্যাংকের এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গত ২১ জুলাই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের ‘শিডিউলড ব্যাংক’ হিসেবে নথিবদ্ধ হয় এবং ১ আগস্ট গেজেটভুক্ত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ বিজিবির প্রতিটি সদস্যের জন্য বিশেষ আনন্দের দিন। আশা করি, এ ব্যাংক বিজিবির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য কল্যাণ বয়ে আনবে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।’

প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান, পেনশন স্কিম, গৃহনির্মাণ ঋণ, দুরারোগ্য রোগের জন্য দেশে-বিদেশে চিকিৎসা-সহায়তা, কৃষিঋণ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মতো বহুবিধ খাতে ঋণ-সহায়তা দেবে। সীমান্ত এলাকার মানুষের কর্মসংস্থান ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অর্থ-সহায়তা দেবে।

শেখ হাসিনা বলেন, বিজিবির নিজস্ব উদ্যোগে পরিচালিত ‘আলোকিত সীমান্ত’ ও ‘সমৃদ্ধির পথে সীমান্ত’র মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নেও এই ব্যাংক সহায়তা দেবে, যা সীমান্ত অপরাধ রোধে ভূমিকা রাখবে। বিজিবি সদস্যের যোগ্য সন্তানদের এ ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, হতদরিদ্র, পঙ্গু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য শিগগিরই ‘পল্লি রেশনিং’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেবে সরকার, যেখানে মাত্র ১০ টাকায় চাল ক্রয়ের সুযোগ থাকবে।

জঙ্গিবাদ সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি অভিভাবকের কাছে আমার আহ্বান, নিজের ছেলেমেয়ে কী করে, কোথায় যায়, কাদের সঙ্গে মেশে, কী পড়াশোনা করছে—সেসব বিষয়ে খবর রাখবেন।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসম্পর্কিত বিভাগের সচিব ইউনুসুর রহমান, সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বক্তব্য দেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।