সীমান্ত সমস্যা সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সম্মত ঢাকা-দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত সমস্যা সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠকে সীমান্ত-সংক্রান্ত সব সমস্যা আন্তরিক ও বন্ধুত্বপূর্ণভাবে সমাধানের বিষয়ে আলোচনা হয়।বুধ ও বৃহস্পতিবার দুই দিনের বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুৎ পৌঁছে দিতে পারায় দুই পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের তিন বিঘা করিডর দিয়ে বাধাবিঘ্নহীনভাবে ২৪ ঘণ্টা যাতায়াতের জন্য গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সম্মত হয়েছে দুই পক্ষ। এ ছাড়া দাইখাতা-৫৬, লাঠিটিলা-দুমাবাড়ি এবং মহুরি নদীর অচিহ্নিত সীমান্তগুলো চিহ্নিতকরণে গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে দুই দেশ।বিবৃতিতে বলা হয়, ২০০৭ সালের মে মাসে বিভিন্ন ছিটমহল এবং পরস্পরের দখলে থাকা জায়গাগুলো যৌথ পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে এ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে রাজি হয়েছে উভয় পক্ষ। এ ছাড়া পারস্পরিকভাবে স্বীকৃত ছিটমহলগুলোর তালিকা প্রস্তুত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। বাংলাদেশের সীমান্তের মধ্যে ভারতের ছিটমহল আছে ১১১টি এবং ভারতের মধ্যে বাংলাদেশের আছে ৫১টি। এসব ছিটমহল হস্তান্তরের কাজ এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রাজি হয়েছে বাংলাদেশ ও ভারত।গত জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। সীমান্ত-সংক্রান্ত সব সমস্যা ১৯৭৪ সালের সীমান্ত চুক্তির আলোকে সমাধান করতে ওই সময় একমত হন দুই দেশের প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে যৌথ সীমান্ত-সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।অপদখলীয় ভূমি, ছিটমহল-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে যেখানে প্রয়োজন স্থায়ী সীমান্ত খুঁটি স্থাপনসহ সীমান্ত-সংক্রান্ত সব ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে ২০০০ সালের ডিসেম্বরে গঠন করা হয় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত ওয়ার্কিং গ্রুপ। তাদের প্রথম বৈঠক হয় ২০০১ সালের জুলাইয়ে। সীমান্ত এলাকায় বিশেষ করে বিরোধপূর্ণ অপদখলীয় এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে চলার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মধ্যে সমঝোতা ও সহযোগিতাকে এবারের বৈঠকে স্বাগত জানিয়েছে উভয় পক্ষ।বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ এবং ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব টি এস ত্রিমূর্তি।