বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দুই দেশের সীমান্ত চুক্তি সম্পাদনের লক্ষ্যে সংবিধান সংশোধনে ভারতের পার্লামেন্টে যে প্রস্তাব তোলা হচ্ছে, তাতে বিজেপি বিরোধিতা করবে না বলে ইঙ্গিত দিয়েছেন দলটির সভাপতি রাজনাথ সিং। তবে এর পরও ওই প্রস্তাবে সমর্থন দেওয়া না-দেওয়া নিয়ে সতর্ক অবস্থানে আছে দলটি।গত বৃহস্পতিবার ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আয়োজিত এক মতবিনিময় সভায় রাজনাথ সিং বলেন, ‘আমি চাইব, সরকার একটি সমাধানে পৌঁছার চেষ্টা করুক। চুক্তির ক্ষতির দিকটিও বিবেচনায় নেওয়া হোক। কিন্তু এর পরও সীমান্ত সমস্যার সমাধান হওয়া উচিত। আমরাও চাই এর সমাধান হোক। আমারাও সর্বাত্মক চেষ্টা করব। আমাদের দিক থেকে কোনো বিরোধিতা করা হবে না।’কিন্তু বিজেপির সভাপতির এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর দলের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে কথা বলা হয় কিছুটা ভিন্ন সুরে। দলের সংসদীয় কমিটির বৈঠকে চেয়ারম্যান এল কে আদভানির বাসভবনে আয়োজিত ওই বৈঠকে ঠিক হয়, পার্লামেন্টে প্রস্তাবে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দল সতর্ক অবস্থান নেবে। কেননা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে সীমান্ত চুক্তিবিরোধী মনোভাব প্রবল।বৈঠক সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদশের বিজেপি নেতারা বৈঠকে তাঁদের মনোভাব সবিস্তারে তুলে ধরেন। এ ছাড়া সংঘ পরিবারের কিছু সদস্যও বৈঠকে উপস্থিত ছিলেন।স্থলসীমান্ত চুক্তি সম্পাদিত হলে ভারত তাদের অধীনে থাকা ১১১টি ছিটমহল বা প্রায় ১৭ হাজার হেক্টর ভূমি বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। অন্যদিকে বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করবে ৫১টি ছিটমহল বা সাত হাজার একর ভূমি। এই চুক্তি করার জন্য ভারতে সংবিধান সংশোধনের প্রয়োজন। এ জন্যদুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন বলে প্রধান বিরোধী দল বিজেপির সমর্থন ছাড়া সেটি সম্ভব নয়।