সীমান্ত সুরক্ষায় কাজ করছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রায় অরক্ষিত সীমান্ত সুরক্ষায় বিজিবি কাজ করছে। গত এক বছরে প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত সুরক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে। আরও প্রায় ৪২৯ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় ব্যাটালিয়ন ও সীমান্তচৌকি স্থাপনের কাজ চলছে।
গতকাল সোমবার বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ক্রাইক্ষ্যংপাড়ায় বিজিবির বান্দরবান সেক্টর সদর দপ্তরের অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিজিবির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল ইসলাম, বান্দরবান সেক্টর অধিনায়ক কর্নেল ওয়ালিউর রহমান, লে. কর্নেল শাহরিয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজিবির মহাপরিচালক বলেন, ভূমি সমস্যার কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সীমান্ত রক্ষার স্থাপনা স্থাপনের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। কেউ কেউ স্বার্থান্বেষী মহলের ইন্ধনে জমি দিতে বাধা সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের বোঝানো হচ্ছে, ব্যাটালিয়ন ও সীমান্তচৌকি স্থাপনের মধ্য দিয়ে সীমান্ত নিরাপদ হলে মানুষের সামাজিক নিরাপত্তা আরও বেশি নিরাপদ হবে।