ভারতের দিক থেকে আলোচ্যসূচিতে না থাকলেও বাংলাদেশ সীমান্ত হত্যা ও ফেলানী খাতুন প্রসঙ্গ তুলল। দুই দেশের সূত্র অনুযায়ী জানা গেছে, গতকাল সোমবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের বার্ষিক সম্মেলনে প্রসঙ্গটি তোলেন বিজিবি-প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ। ফেলানীর হত্যাকারী বিএসএফ জওয়ান অমিয় ঘোষের সাজা না হওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এই ক্ষতে প্রলেপ পড়া দরকার।
ফেলানী প্রসঙ্গে বিএসএফ-প্রধান ডি কে পাঠক সম্মেলনে বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনাই ভারতের লক্ষ্য। জওয়ানদের এই বিষয়ে কঠোর নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দুঃখজনক ঘটনা ঘটে যায়। আত্মরক্ষার্থেও অস্ত্র ব্যবহার করা হয় কখনো কখনো। অমিয় ঘোষ দ্বিতীয়বারের জন্য নির্দোষ বলে বিবেচিত হলেও বিচার বিভাগীয় সেই সিদ্ধান্ত বিএসএফের মহাপরিচালকের অনুমোদন এখনো পায়নি। একটি সূত্র অনুযায়ী, ভারত চায় এই দুঃখজনক ঘটনাটি নিয়ে গড়ে ওঠা বিতর্কের অবসান ঘটুক। সে জন্য বাংলাদেশের সহযোগিতা চাওয়া হচ্ছে।
২০১১ সালের জানুয়ারি মাসে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাবার সঙ্গে নিজের দেশ বাংলাদেশে ফিরছিল ১৬ বছরের কিশোরী ফেলানী খাতুন। কোচবিহার জেলার চৌধুরীহাট সীমান্তে মই বেয়ে কাঁটাতার পেরোনোর সময় বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের সদস্য অমিয় ঘোষ তাঁর বন্দুক থেকে গুলি করেন। এতে কাঁটাতারের ওপর ফেলানীর দেহ দীর্ঘক্ষণ ঝুলে ছিল।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক বিবৃতিতে গতকাল শুধু এটুকু বলা হয় যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বার্ষিক আলোচনা শুরু হয়েছে। ভারতের পক্ষে গুরুত্ব দেওয়া হয় সব ধরনের সীমান্ত অপরাধের। নকল টাকা, গরু পাচার, মাদক চোরাচালান বন্ধে কী করা যায় তা যেমন আলোচিত হয়, তেমনই সন্ত্রাসবাদী কাজকর্ম বন্ধেও সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়। বিভিন্ন সূত্রের খবর, বেলা দেড়টা পর্যন্ত খোলামেলা পরিবেশে আলোচনা চলে। ছিটমহল বিনিময়ের ফলে সীমান্তের নতুন চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করার বিষয়ে কথাবার্তা হয়। এক বছর আগে হওয়া বৈঠকের সময়কার অবস্থার কতটা উন্নতি হয়েছে তা খতিয়ে দেখা হয়।
এদিনের আলোচনার পরই বাংলাদেশি প্রতিনিধিরা বেঙ্গালুরুতে চলে যান একটি ট্রেনিং ইনস্টিটিউট ঘুরে দেখতে। বুধবার তাঁরা দিল্লি ফিরবেন। পরের দিন দুই বাহিনীর মধ্যে আলোচনার নথিতে সই করবেন দুই মহাপরিচালক।