সীমান্ত হত্যা কমেছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

সীমান্তে হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

আওয়ামী লীগের সামশুল হক চৌধুরীর এ সম্পর্কিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকারের বলিষ্ঠ অবস্থানের পরিপ্রেক্ষিতে সীমান্তে বাংলাদেশিদের হত্যার ব্যাপারে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার আশ্বাস পাওয়া গেছে।

নুরুল ইসলাম বিএসসির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, হাতিরঝিল প্রকল্পের অংশ হিসেবে দাশেরকান্দিতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে। এর মাধ্যমে হাতিরঝিলের অপরিশোধিত পানি ও আবর্জনা পরিশোধনের মাধ্যমে বেগুনবাড়ী খাল দিয়ে প্রবাহিত করা হবে। এতে রাজধানীতে উন্নত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

দুটি বিল পাস

আজ জাতীয় সংসদে দুটি বিল পাস হয়েছে। বিল দুটি হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিল ২০১৩ ও নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল ২০১৩।

বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি আইনে পরিণত হলে ১৯৭৭ সালের এ-সংক্রান্ত অধ্যাদেশটি রহিত হয়ে যাবে।

আইনমন্ত্রী শফিক আহমেদ নির্বাচন কমিশন সচিবালয় বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের একটি সংশোধনী প্রস্তাব  গৃহীত হয়। বিলটি আইনে পরিণত হলে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পদোন্নতি-সংক্রান্ত জটিলতা দূর হবে।