পররাষ্ট্রসচিবের সঙ্গে ভারতীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক
সীমান্ত হত্যা বন্ধে আশ্বাস পুনর্ব্যক্ত করল ভারত
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা পুরোপুরি বন্ধের আশ্বাস পুনর্ব্যক্ত করেছে ভারত। এ লক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
নয়াদিল্লিতে গতকাল শুক্রবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকে ভারতের স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী এ আশ্বাস পুনর্ব্যক্ত করেন। গতকাল পররাষ্ট্রসচিবের ভারত সফরের তৃতীয় দিনে এ বৈঠক হয়।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদুল হক গতকাল ভারতের স্বরাষ্ট্রসচিব ছাড়াও বিদ্যুৎসচিব প্রদীপ কুমার সিনহা ও বস্ত্রসচিব জোহরা চ্যাটার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গত বৃহস্পতিবার শহীদুল হকের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে নিরাপত্তা খাতে, বিশেষ করে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চমৎকার সহযোগিতার প্রশংসা করেন শহীদুল হক ও অনিল গোস্বামী। দুজনই বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি সীমান্ত এলাকায় বাংলাদেশের নাগরিক হত্যা উল্লেখযোগ্য হারে কমার বিষয়টি উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সংযত আচরণ সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষীরা সর্বোচ্চ সতর্কতা দেখাবেন বলে ভারতের স্বরাষ্ট্রসচিব তাঁকে পুনরায় আশ্বস্ত করেন।
দুই দেশের বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে টেকসই অগ্রগতি হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব ও ভারতের বিদ্যুৎসচিব সন্তোষ প্রকাশ করেন। ভেড়ামারা-বহরমপুর সঞ্চালন লাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আরও ৫০০ মেগাওয়াট এবং ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির ব্যাপারে দুই পক্ষ একমত পোষণ করে।
ভারতের বস্ত্রসচিবের সঙ্গে বৈঠকে ঢাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের (আইজেএসজি) পরিবর্তে একটি নতুন প্রতিষ্ঠান স্থাপনের বিষয়টি উল্লেখ করেন শহীদুল হক। পাট উৎপাদন, পাট ও পাটজাত পণ্য বিপণনে সহযোগিতা অব্যাহত রাখার অংশ হিসেবে একটি প্রতিষ্ঠান স্থাপন বিষয়ে খুব দ্রুত দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর তাগিদ দেন তিনি।