বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক আজ বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের এ বৈঠক শেষ হবে ২০ মার্চ। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। সূত্র জানায়, এতে বিজিবির পক্ষ থেকে সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালান নিয়েও আলোচনা হবে। বিজিবি সূত্র বলেছে, গত বছর সম্মেলনে বিএসএফ সীমান্তে গুলি করে নিরীহ মানুষ হত্যা বন্ধের আশ্বাস দিলেও তা এখনো না থামার বিষয়টি উত্থাপন করবে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের আটক করা, অবৈধ পারাপার, সীমান্তের শূন্য রেখা থেকে দেড় শ গজের মধ্যে ভারতের অবকাঠামো নির্মাণ ও পারস্পরিক আস্থা সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা করা হবে।বিজিবি সূত্র জানায়, বৈঠকে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা আজ সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এতে বিজিবির মহাপরিচালক, বিজিবির পরিচালক (প্রয়োগ ও প্রশিক্ষণ), সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ), স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা থাকছেন।