
একদিকে আছে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে না পারার অসফলতা আর ফেলানী হত্যার বিচার শেষ না হওয়ার অতৃপ্তি। অন্যদিকে আছে চার বছরে দুর্গম এলাকায় ৩৭০ কিলোমিটার অরক্ষিত সীমান্ত নজরদারির আওতায় আনা, তিন হাজার কোটি টাকার চোরাই পণ্য আটক, অনেক নতুন ইউনিট চালুসহ বাহিনীর অনেক উন্নয়নের কৃতিত্ব।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে চার বছর দায়িত্ব পালন শেষে এভাবে নিজের মূল্যায়ন করলেন বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। গতকাল মঙ্গলবার মহাপরিচালক হিসেবে শেষ সংবাদ ব্রিফিংয়ে পিলখানায় ক্যাপ্টেন শহীদ আশরাফ মিলনায়তনে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন তিনি। আগামী রোববার বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের কাছে তাঁর দায়িত্ব হস্তান্তরের কথা। সেনাবাহিনীতে ফিরে সোমবার তাঁর র্যাংক ব্যাজ পরার কথা রয়েছে।
২০১২ সালের ডিসেম্বরে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব নেন আজিজ আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ করতে হলে ভারতের গরুর দিক থেকে আমাদের নজর ফেরাতে হবে। দেশজ পশু উৎপাদন বাড়াতে হবে।’
আজিজ আহমেদ বলেন, সীমান্তের বাংলাদেশ অংশে কাঁটাতারের বেড়া নেই। ভারতের অংশে দেশটির সীমানার কয়েক শ গজ ভেতরে বেড়া রয়েছে। কিন্তু মানুষ ওই কাঁটাতারের বেড়াকে সীমানা ধরে নিয়ে ভারতীয় জমিতে গিয়ে কোনো ঘটনার শিকার হলে বেশির ভাগ ক্ষেত্রেই করার কিছু থাকে না। তিনি বলেন, সীমান্ত রক্ষার জন্য বাংলাদেশ অংশে কাঁটাতারের বেড়া ও সীমান্ত-সংলগ্ন সড়কের বিকল্প নেই।
বিজিবির বিদায়ী প্রধান বলেন, বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি আগে সৈনিকদের উন্নয়নের কথা ভাবেন। প্রতিটি সীমান্তচৌকিতে (বিওপি) তিনি সুপেয় পানি, বিনোদনের ব্যবস্থা, খাদ্য সংরক্ষণের সুযোগ করে দেন। আগে সৈনিকদের হেঁটে টহল দিতে হতো। তাঁর সময়ে ১ হাজার ৪০০ মোটরসাইকেল কেনা হয়। তিনি সীমান্ত ব্যাংক, বিজিবি সদস্য ও কর্মকর্তাদের আবাসন সুবিধা, নতুন ইউনিট গঠন, সৌজন্য সফর বিনিময় ইত্যাদির কথা তুলে ধরেন।