সীমান্ত হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাংলাদেশের
বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নাগরিক হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। নয়াদিল্লিতে গতকাল মঙ্গলবার দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের ১৬তম বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। খবর ইউএনবি ও বাসসের।
বাংলাদেশের পক্ষে জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক এবং ভারতের পক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এল সি গয়াল এ বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, চোরাচালান ও মানব পাচারসহ সীমান্তের সামগ্রিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা সবিস্তারে তুলে ধরার জন্য বাংলাদেশের প্রতিনিধিদলকে ভারতের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে এই অঞ্চলে নিরাপত্তাঝুঁকি কমিয়ে আনতে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা আরও জোরদার করতে যৌথ টহল এবং স্থানীয় পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজন করতে উভয় পক্ষ সম্মত হয়।