পাঁচ বছর ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত ব্যবস্থাপনায় যে উন্নতি হয়েছে, পালাবদলের পর ভারত তা আরও এগিয়ে নিতে চায়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নয়াদিল্লিতে দুই বাহিনীর বৈঠকের পর বিজিবির প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই বাহিনীর বৈঠকের পর বাংলাদেশি প্রতিনিধিরা রাজস্থানের যোধপুরে যান। আগামী রোববার এই বৈঠক নিয়ে দুই দেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।
দুই বাহিনীর মধ্যে দিনভর বৈঠকে বাংলাদেশ ও ভারতের উদ্বেগের বিষয়গুলো বিশেষ আলোচিত হয়। বাংলাদেশের দিক থেকে গুরুত্ব দেওয়া হয় সীমান্ত হত্যা ও বিভিন্ন ধরনের মাদক চোরাচালানের ওপর। বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠকের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিরা জোর দেন জাল নোট, অনুপ্রবেশকারী ও নারী পাচারের ওপর। ভারতের পক্ষ থেকে বরাবর যে কথা বলা হয়ে থাকে, গতকালও তার উল্লেখ করে বলা হয়, সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত এলাকায় বসবাসকারী সমাজবিরোধীদের মোকাবিলা করা জরুরি। ভারতীয় প্রতিনিধিদের বক্তব্য, এদের সার্থক মোকাবিলা সীমান্ত অপরাধ বহুলাংশে কমিয়ে দেবে। ভারতীয় প্রতিনিধিরা জানিয়েছেন, বিএসএফ অনেক দিন ধরেই সীমান্তে প্রাণঘাতী বুলেট ব্যবহার করছে না। এই সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশের প্রতিনিধিদলে আছেন ২০ জন, ভারতের প্রতিনিধিদলে ২৪ জন।