সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে প্রধান বিরোধী দল রাজনৈতিক ফায়দা লোটার যে চেষ্টা করছে, তা দুঃখজনক। অতীতে বিএনপির আমলে ব্যাপকসংখ্যক মানুষ সীমান্তে প্রাণ হারিয়েছে। ফলে এ নিয়ে কথা বলার নৈতিক জোর বিএনপির নেই। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার তাঁর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। সম্প্রতি কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কিশোরী ফেলানীর মৃত্যুর ব্যাপারে বিএনপির বক্তব্যের সমালোচনা করে এ কথা বলেন দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। সীমান্তে বিএসএফের হাতে কোনো প্রাণহানি ঘটলে সঙ্গে সঙ্গেই আমরা জোরালোভাবে তার প্রতিবাদ করি। সম্প্রতি স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় তাঁকে বলেছি, ওই ঘটনায় (ফেলানীর মৃত্যু) জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, তা যেন আমাদের জানানো হয়।’ দীপু মনি বলেন, গত বছরের জানুয়ারিতে দিল্লির শীর্ষ বৈঠক শেষে যৌথ ঘোষণায় সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি খুব জোরালোভাবে এসেছে। কিন্তু বিএনপির শাসনামলে খালেদা জিয়ার দিল্লি সফরের সময় দেওয়া ঘোষণায় বিষয়টি সেভাবে আসেনি। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, বিএনপি সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে সীমান্তে বিএসএফের হাতে প্রাণহানির সংখ্যা কমেছে। পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ২০০৯ ও ২০১০ সালে সীমান্তে যথাক্রমে ৬৭ ও ৬০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আর ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ৭৫, ৩৫, ৪১, ৭৯ ও ১০৬ জন।