সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা না করার অঙ্গীকারের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে ছয় দিনব্যাপী সীমান্ত সম্মেলন গত শনিবার শেষ হয়েছে। গত ১৮ মার্চ ভারতের নয়াদিল্লিতে এ সম্মেলন শুরু হয়।দুই দেশের মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলনে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। ভারতের পক্ষে ২৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী। সম্মেলন শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে। বিজিবির মহাপরিচালক বলেন, ‘বিজিবি সীমান্তে কাউকে গুলি করে না, বরং গ্রেপ্তার করে ভারতীয় বাহিনীর কাছে তুলে দেয়। বিজিবি আন্তর্জাতিক সব নিয়ম মেনে চলে।’সম্মেলনে উভয় মহাপরিচালকই আন্তসীমান্ত অপরাধ ও সহিংসতা রোধে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন এবং আন্তর্জাতিক সীমান্তে অপরাধী, চোরাচালানি ও সন্ত্রাসীদের চলাচল রোধে যৌথ টহল পরিচালনায় একমত পোষণ করেন। উভয় মহাপরিচালক সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অরক্ষিত এলাকায় বিশেষ করে রাতের বেলায় যুগপৎভাবে সমন্বিত টহল বৃদ্ধি, পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং মাঠপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে ঘন ঘন বৈঠকের বিষয়ে সম্মত হন। বিজ্ঞপ্তি।