সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চালাচ্ছে ভারত। এ ছাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশের নাগরিকদের হত্যা কীভাবে পুরোপুরি বন্ধ করা যায়, সে ব্যাপারেও দুই দেশ আলোচনা করছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার দুপুরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।এদিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দীপু মনি। ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তি সই করতে চায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের আসন্ন ঢাকা সফরে এ চুক্তি সই হবে কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় বন্দী প্রত্যর্পণ চুক্তি সই করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া ভিসা সহজীকরণ চুক্তিটিও বিবেচনায় রয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। এ ছাড়া আগামী এক মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রসচিব ও বিদ্যুৎ-সচিব ঢাকায় আসছেন। এ ছাড়া যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকও ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যার প্রসঙ্গটি আলোচনায় এসেছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমরা সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। কীভাবে সীমান্ত হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করা যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করছি। ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, সীমান্তের সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে পূর্ণ তদন্ত চলছে।’প্রসঙ্গত, চলতি মাসের শেষ সপ্তাহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের ঢাকায় আসার কথা রয়েছে। এ ছাড়া আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। এর আগে ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই।