সীমান্ত হাট রোববারের বদলে মঙ্গলবার
ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চালু হওয়া সীমান্ত হাটের দিন আবারও পরিবর্তন করা হয়েছে। ২৮ জুন থেকে এই হাট রোববারের পরিবর্তে মঙ্গলবার বসবে।
রোববার সীমান্ত হাটের সম্মেলন কক্ষে দুই দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এডিএম মোহাম্মদ সামছুল হক, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন, কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন প্রমুখ।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার এডিএম দিলীপ কুমার চাকমা, এসডিএম প্রসুন দে, এসডিএম শ্যামা নন্দ, বিএসএফ কোম্পানি কমান্ডার রবিন কুমার প্রমুখ।
গত বছরের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে বাংলাদেশে আসেন। সে সময় ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। ওই বছরের ১১ জুন থেকে প্রতি বৃহস্পতিবার হাট বসত। চলতি বছরের ২৪ জানুয়ারি থেকে হাটের দিন পরিবর্তন করে বৃহস্পতিবারের পরিবর্তে রোববার করা হয়েছিল।
সীমান্তের ২০৩৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তারাপুর এবং ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় দুই দেশের সমপরিমাণ এক একর ৫০ শতক জায়গাজুড়ে সীমান্ত হাট বসে।