সীমান্ত হাটে ঈদের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্লাস্টিকসামগ্রী ও নানা পণ্য কিনে বাড়ির পথে চলেছেন ভারতের এক ক্রেতা। ছবিটি ফেনীর ছাগলনাইয়া–ভারতের শ্রীনগর সীমান্ত হাট থেকে গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো
বাংলাদেশের প্লাস্টিকসামগ্রী ও নানা পণ্য কিনে বাড়ির পথে চলেছেন ভারতের এক ক্রেতা। ছবিটি ফেনীর ছাগলনাইয়া–ভারতের শ্রীনগর সীমান্ত হাট থেকে গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো

ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগর সীমান্তে অবস্থিত সীমান্ত হাট বসে প্রতি মঙ্গলবার। সেই হিসেবে ২০ জুন ছিল ঈদের আগের শেষ হাটের দিন। সাধারণ দিনগুলোর চেয়ে এ দিন দ্বিগুণেরও বেশি ক্রেতা এসেছিলেন এই হাটে। সকাল থেকে বাংলাদেশের প্রান্ত দিয়ে টিকিট কেটে ঢুকেছেন শত শত মানুষ। ভারতীয় শাড়ি, থ্রি-পিস, গুঁড়ো দুধ, গাওয়া ঘি, কিশমিশের বিক্রি ছিল জমজমাট।

২০ জুন দুপুরে ফেনীর ভারত-বাংলাদেশ সীমান্ত হাটে গিয়ে দেখা গেল এই দৃশ্য। ফেনী সদর থেকে ২০ কিলোমিটার দূরে এই সীমান্ত হাটে চট্টগ্রাম থেকে দুই ঘণ্টা ও ঢাকা থেকে সাড়ে চার ঘণ্টায় পৌঁছানো যায়। ঢাকা চট্টগ্রাম পুরোনো মহাসড়ক থেকে তিন-চার শ গজ দূরে এই হাটের অবস্থান। নিয়ম অনুয়ায়ী এখানে ভারত ও বাংলাদেশের ২৭ জন করে মোট ৫৪ জন বিক্রেতা পণ্য নিয়ে বসেছেন। দুই দেশের বিক্রেতারা জানালেন অন্যান্য সময়ের তুলনায় ঈদের কারণে গত মঙ্গলবারের বেচাকেনা অনেক বেশি হয়েছে।

জানা গেছে, বর্তমানে দেশে চারটি সীমান্ত হাট চালু রয়েছে। ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগর সীমান্ত ছাড়াও কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের পশ্চিম গারো হিলের কালাইরচর সীমান্ত, সুনামগঞ্জের ডলোরার ও ভারতের বালাত সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার তারাপুর ও পশ্চিম ত্রিপুরার কমলাসাগর সীমান্তে এ ধরনের হাট চালু আছে।

কতজন ক্রেতা ছাগলনাইয়া-শ্রীনগর হাটে কেনাকাটা করতে আসেন জানতে চাইলে ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা ফাতেমা চৌধুরী বলেন, নিয়ম অনুয়ায়ী সাপ্তাহিক এই হাটে সর্বোচ্চ এক হাজার বাংলাদেশি এবং এক হাজার ভারতীয় ক্রেতা আসতে পারবেন। সে হিসেবে প্রতিবার হাটের সময় দুই দেশের দেড় থেকে দুই হাজার ক্রেতা কেনাকাটা করতে আসেন।

 ইউএনও শাহিদা ফাতেমা চৌধুরী আরও বলেন, প্রায় আড়াই বছর আগে ২০১৫ সালের জানুয়ারি মাসে চালু হয় ছাগলনাইয়া-শ্রীনগরের এই সীমান্ত হাট। হাটে একজন ক্রেতা সর্বোচ্চ এক শ ডলারের সমমূল্যের পণ্য কিনতে পারবেন। শুরুর দিকে হাটে বিক্রি হওয়া ভারতীয় ও বাংলাদেশি পণ্যের সুনির্দিষ্ট তালিকা ছিল। তবে এখন এই তালিকার বাইরেও সীমান্ত এলাকার মানুষের চাহিদায় থাকা পণ্যও বিক্রি হচ্ছে। সীমান্ত হাটের বিক্রেতারা জানান, হাটে ভারতীয় ক্রেতাদের চেয়ে বাংলাদেশি ক্রেতারাই বেশি আসেন। তাঁদের আগ্রহের তালিকায় আছে ভারতের শাড়ি, থ্রি-পিস, মসলা, হরলিকস, গুঁড়ো দুধ, চা-পাতা, কাঠ বাদাম, গাওয়া ঘি, সাবান, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য। ভারতীয় ক্রেতারা মাছ, বেলা বিস্কুট, শুঁটকি ও প্লাস্টিকের সামগ্রী কিনতে আসেন এখানে। প্রতি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ হাট। হাটে বাংলাদেশ ও ভারতের মুদ্রায় চলে কেনাবেচা। ভারতীয় দোকানিরা সে দেশের জিনিসের দামের সঙ্গে ২৫ ভাগ বাড়তি দাম যোগ করে বাংলাদেশি টাকায় পণ্যের দাম নির্ধারণ করেন।

ভারতীয় ব্যবসায়ী রাখাল দে প্রথম আলোকে জানান, ঈদের কারণে তাঁর দোকানে মসলার চাহিদা ছিল বেশি। মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি প্রায় ৫০ হাজার টাকার মসলা বিক্রি করেছেন।

সীমান্ত হাটে কেনাকাটা করতে চট্টগ্রামের খুলশী থেকে গিয়েছিলেন ব্যবসায়ী সৈয়দ সাইফুদ্দীন। তিনি বলেন, ‘সীমান্ত হাট থেকে স্ত্রীর জন্য একটি ভারতীয় শাড়ি কিনেছি। এ ছাড়া ঈদ উপলক্ষে গাওয়া ঘি, কাঠ বাদাম, মসলা, কিশমিশ, হরলিকস এবং প্রসাধনসামগ্রীও কেনা হয়েছে।’

ভারতের শ্রীনগরের যুবক টিটন ইসলাম কিনেছেন বাংলাদেশের লইট্টা মাছ ও প্লাস্টিকসামগ্রী। তিনি বলেন, ‘ভারতে শ্রীনগরে মাছ কম আসে। মিঠা পানির মাছের দেখা মিললেও সামুদ্রিক মাছ মোটেও নেই। তাই পছন্দের লইট্টা মাছ নিয়ে বাড়িতে যাচ্ছি।’

 হাটে মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বিক্রির অভিযোগও আছে। ছাগলনাইয়ার ইউএনও শাহিদা ফাতেমা চৌধুরী বলেন, সীমান্ত হাটে গত চার মাসে তিনবার ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান হয়েছে। এ কারণে মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বিক্রির প্রবণতা অনেক কমে গেছে। সতর্ক হয়েছেন ক্রেতারাও।