ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চালু হওয়া সীমান্ত হাটের দিন পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বার পরিবর্তন করা হলো হাটবার। এখন থেকে রোববারের পরিবর্তে মঙ্গলবার এই হাট বসবে। ২৮ জুন থেকে নতুন হাটবার কার্যকর হবে। গতকাল রোববার সীমান্ত হাটের সম্মেলনকক্ষে দুই দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের (এডিএম) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কসবার ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এডিএম মোহাম্মদ সামছুল হক, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূঁইয়া, কসবার ইউএনও, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন প্রমুখ। ভারতের পক্ষে ছিলেন সিপাহীজলা জেলার এডিএম দিলীপ কুমার চাকমা, এসডিএম প্রসূন দে, এসডিএম শ্যামা নন্দ, বিএসএফের কোম্পানি কমান্ডার রবিন কুমার প্রমুখ।