সীমান্তপথে বগুড়ায় আসছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তপথে ভারত থেকে হাতবদলের মাধ্যমে বগুড়ায় আসছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। শহরের ছিঁচকে সন্ত্রাসী থেকে শুরু করে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা এখন নাইন এমএম, সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ও সেভেন পয়েন্ট সিক্স টুয়ের মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে।অস্ত্র উদ্ধারে র‌্যাব-পুলিশ তৎপর থাকলেও বগুড়ার সন্ত্রাসীদের কাছে এখনো বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক সুমিত চৌধুরীও প্রথম আলোর কাছে স্বীকার করেন, বগুড়ার সন্ত্রাসীদের কাছে এখনো অনেক অস্ত্র রয়েছে। র‌্যাবের অভিযানে এ পর্যন্ত যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তাতে র‌্যাব মোটেও খুশি নয়। তিনি বলেন, বগুড়া শহরের শুধু তালিকাভুক্ত সন্ত্রাসীদের কাছেই ৬০টির বেশি অস্ত্র রয়েছে। সন্ত্রাসীদের গডফাদারদের কাছে অন্তত ১০টি অস্ত্র রয়েছে। র‌্যাব এসব অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে। প্রায় একই কথা বলেন বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক। তিনি বলেন, বগুড়ার সন্ত্রাসীদের কাছে যে অস্ত্র রয়েছে, তা সবই ভারত থেকে আসা। সীমান্তপথে অস্ত্র ব্যবসায়ীদের হাতবদলের মাধ্যমে তা চলে আসছে বগুড়ার সন্ত্রাসীদের হাতে। এরপর আরেক ধাপ হাতবদলের মাধ্যমে এসব অস্ত্রের একটা অংশ চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তিনি দাবি করেন, এই মুহূর্তে শহরের অস্ত্রধারী সন্ত্রাসীরা গা-ঢাকা দিয়েছে। পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকা তৈরি করছে। পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, সম্প্রতি অস্ত্রসহ গ্রেপ্তার কয়েকজন সন্ত্রাসী বগুড়া শহরে অস্ত্র ব্যবসা ও অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাদের তথ্যানুযায়ী, ২০ থেকে ৩০ হাজার টাকায় বগুড়ার সন্ত্রাসীরা ভারত থেকে আসা অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে। হিলি, পাঁচবিবি, ধামুইরহাট সীমান্ত হয়ে হাতবদলের মাধ্যমে এসব অস্ত্র আসছে বগুড়ার সন্ত্রাসীদের হাতে। বগুড়ার সন্ত্রাসীদের কাছে এখন সবচেয়ে বেশি কদর আমেরিকার তৈরি অত্যাধুনিক নাইন এমএম পিস্তলের। বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান প্রথম আলোকে জানান, গত ২৭ এপ্রিল থেকে ১২ জুন পর্যন্ত দেড় মাসে পুলিশ বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে চারটিই অত্যাধুনিক—দুটি নাইন এমএম ও দুটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ। গত পাঁচ মাসের পরিসংখ্যানে পুলিশের উদ্ধারের তালিকায় রয়েছে নয়টি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন শহরের সাবগ্রামের আকাশতারার আল আমীনের (২৮) বাড়িতে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার ও আল আমীনকে গ্রেপ্তার করা হয়। ৩১ মে শহরের দক্ষিণ ফুলবাড়ির মামুনের আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি।র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের উপপরিদর্শক আবদুর রউফ প্রথম আলোকে জানান, গত ফেব্রুয়ারি, মার্চ ও মে—এই তিন মাসে র‌্যাবের অভিযানে আটটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৬৮ রাউন্ড গুলি, আটটি বোমা, পাঁচটি ককটেল, আটটি ম্যাগাজিন ও ৭৬টি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে তিনটি নাইন এমএম পিস্তল, দুটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল, দুটি বিদেশি রিভলবার ও একটি শাটারগান রয়েছে। বগুড়া শহরের কাটনার পাড়ার বাসিন্দা সুজাউল ইসলাম বলেন, বগুড়া শহরে জমি কিনে নির্বিঘ্নে বাড়ি বানানো এখন প্রায় অসম্ভব। বাড়ি তৈরির আগেই অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে চাঁদা চেয়ে হুমকি দিয়ে যায়, না দিলেই ঝামেলা। আইনজীবী ও জেলা জাসদের সদস্য আবদুল লতিফ পশারী জানান, জমি দখল, টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে সন্ত্রাসীরা অস্ত্র ব্যবহার করছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা রাজনৈতিক দলের কতিপয় নেতার ছত্রচ্ছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়া প্রয়োজন। পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, সীমিত জনবল নিয়ে পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে হচ্ছে। তাই রাতারাতি এই শহরকে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রমুক্ত করা খুব কঠিন। তার পরও পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।