সীমান্তবর্তী নদী থেকে দুই ভারতীয় ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী নদী দিয়ে ভেসে এসেছে ভারতীয় দুই নাগরিকের লাশ। গতকাল শনিবার দুপুরে নদীর বাংলাদেশ অভ্যন্তরে পাশাপাশি দুটি লাশ দেখে স্থানীয় লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীপুর ক্যাম্পে খবর দেন। বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) খবর দেয়। পরে দুই দেশের পুলিশের উপস্থিতিতে লাশ দুটি বিকেলে হস্তান্তর করা হয়। ভারতীয় পুলিশের বরাত দিয়ে জৈন্তাপুর থানার পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ভারতের খাসী হিলস জেলার মউশিন গ্রামের দুই বাসিন্দা গত বৃহস্পতিবার বিকেলে সীমান্তের রঙ নদী দিয়ে যাওয়ার সময় আকস্মিক পাহাড়ি ঢলের তোড়ে পড়ে নিখোঁজ হন। তাঁরা ভেসে নদীর ভাটির অংশ দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে যেতে পারে—এমন খবর বিএসএফ ওই দিনই বিজিবিকে অবহিত করেছিল। রঙ নদী জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারি দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করেছে। গতকাল দুপুর ১২টায় সীমান্তের ১২৮০ নম্বর পিলারের প্রায় ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। লাশ শনাক্ত করার সময় আরও ৩০০ গজ অভ্যন্তরে আরেকটি লাশ ভেসে ওঠে। ঘটনাটি বিজিবির মাধ্যমে বিএসএফকে জানানো হয়। বেলা তিনটায় বিএসএফ ডাউকি পুলিশের একটি দলকে নিয়ে শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় এসে লাশ দুটি শনাক্ত করে। বিকেল পাঁচটায় জৈন্তাপুর থানার পুলিশ ও শ্রীপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের উপস্থিতিতে বিএসএফ ও ডাউকি পুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তর প্রক্রিয়ায় থাকা জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে জানান, নদীতে ঢলের তোড়ে পড়ে তাঁরা দুজন নিখোঁজ হয়েছিলেন। তাঁদের একজনের নাম অয় লঙ (৩৯), অপরজন অডি কর (৫৫)। এ ব্যাপারে জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।