চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাকা এলাকার পদ্মা নদীতে বাংলাদেশি এক যুবকের লাশ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন।নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন বাবু। তিনি শিবগঞ্জ উপজেলার শিংনগর পণ্ডিতপাড়া গ্রামের মর্তুজা হোসেনের ছেলে। নিহত সাদ্দামের বড় ভাই মুকুল প্রথম আলোকে বলেন, ৪ জানুয়ারি ভোর পাঁচটার দিকে ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা সাদ্দামকে ধরে নিয়ে যান। চাঁপাইনবাবগঞ্জের ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর নজরুল ইসলাম বলেন, একটি লাশ উদ্ধার হওয়ার খবর তিনি পেয়েছেন। কিন্তু তিনি কীভাবে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। বিএসএফের নির্যাতনে মারা গেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ ও এলাকাবাসী জানান, বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ পাকা ও কদমতলা গ্রামের মাঝামাঝি এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে এলাকাবাসী। তারা লাশটি স্বজনদের বাড়িতে পৌঁছে দেয়। লাশ উদ্ধারকারী দলের সদস্য আজম বলেন, পিঠমোড়া করে রশি দিয়ে লাশের হাত-পা বাঁধা ছিল। কোমরের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল বালুর বস্তা। পায়ের সঙ্গে রশি দিয়ে একটি বড় পাথর বাঁধা ও গলায় রশি ছিল। শিবগঞ্জ থানার ওসি মির্জা আবদুস সালাম বলেন, সাদ্দাম গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি শুনেছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা জানা যায়নি।