সীমান্তবাসীর আর্থসামাজিক উন্নয়নসহ ১০ দফা সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকার বাসিন্দাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে ১০ দফা স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ করেছেন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং সাউথ এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটসের (এসএএফএইচআর) যৌথ আয়োজনে মতবিনিময় সভায় সুপারিশগুলো করা হয়।গতকাল ছিল ‘সীমান্তে নাগরিকদের সমস্যা ও আমাদের করণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী এই সভার শেষ দিন।দুই দেশের মানবাধিকারকর্মী ও বাংলাদেশ সীমান্ত এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সীমান্তের বাসিন্দাদের অস্থায়ী বর্ডার পাস ও পরিচয়পত্র প্রদান এবং দীর্ঘ মেয়াদে তাঁদের আর্থসামাজিক উন্নয়নসহ ১০ দফা সুপারিশ করেন।বাকি সুপারিশগুলোর মধ্যে রয়েছে: সীমান্ত এলাকার (উভয় দেশের) ইউনিয়ন পরিষদের (বা সমপর্যায়) চেয়ারম্যান, সদস্য ও অঞ্চল প্রধানদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও আলোচনার ব্যবস্থা, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সম্পৃক্ত করা, সীমান্তে বৈধ হাটবাজারের ব্যবস্থা নেওয়া, শিশুদের চোরাচালানে না জড়াতে সচেতনতামূলক কার্যক্রম চালু, দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে সরকারি উদ্যোগ গ্রহণ, উভয় দেশের সীমান্তবর্তী থানার মধ্যে অবাধ তথ্য আদান-প্রদান, উভয় দেশে আটক থাকা বন্দীদের তালিকা তৈরি ও বিনিময়, সাজার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং ছিটমহলগুলো সম্পর্কে যৌথভাবে করণীয় ঠিক করা। এসব সুপারিশ সরকারের কাছে দেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘সীমান্তের মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে। সীমান্তের অধিবাসীদের জীবনের নিরাপত্তাসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভারত ও বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগের ঘাটতি কিংবা অনীহা রয়েছে।’ এসএএফএইচআরের সাধারণ সম্পাদক তপন বোস বলেন, ‘সীমান্তে কেউ অপরাধ করলে তাঁকে গ্রেপ্তার করে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। নির্দোষ লোকজনের ওপর গুলি চালানোর কোনো অধিকার কারও নেই।’শেষ দিনে মতবিনিময় সভায় আরও অংশ নেন ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের’ সম্পাদক কিরীটী রায়, এসএএফএইচআরের প্রতিনিধি রীতা মানচান্দি, শাহানা ঘোষ, সাংবাদিক সেলিম সামাদ, আসকের পরিচালক মো. নূর খান এবং সীমান্ত এলাকার জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।