সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার পর উদ্ভূত পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও নজরদারি জোরদার করেছে। এদিকে টেকনাফ-মিয়ানমার এক দিনের ট্রানজিট ও স্থলবন্দরে সাত দিনের পাসপোর্টধারী যাত্রী পারাপার গত শুক্রবার থেকে বন্ধ রয়েছে। দুই দেশে অন্তত ৩২৬ জন ব্যবসায়ী আটকা পড়েছেন। টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কর্মকর্তা মো. আবদুল কাদের সিদ্দিকী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী নৌ-চলাচল বন্ধ করে দেওয়ায় ৫৫ বাংলাদেশি ব্যবসায়ী মিয়ানমারে এবং মিয়ানমারের ২৭১ জন ব্যবসায়ী বাংলাদেশে আটকা পড়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, আটকে পড়া বাংলাদেশি ব্যবসায়ীদের ফেরত আনার জন্য নানাভাবে যোগাযোগ করা হচ্ছে। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, মিয়ানমারে সাম্প্রতিক দাঙ্গার পর যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশকারীদের ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান, টেকনাফের বিভিন্ন এলাকায় রাখাইনপল্লিতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।