সীমান্তে অপদখলীয় জমির জরিপ চলছে, হস্তান্তর হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে অপদখলীয় জমির সর্বশেষ পরিস্থিতি দেখতে জরিপ চলছে। এ জরিপ চালানোর সময় এখনই কোন জমি হস্তান্তর করা হচ্ছে না।পররাষ্ট্রসচিব গতকাল শনিবার সকালে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সচিবকে সিলেটের তামাবিল সীমান্তে স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে জরিপ কাজ বন্ধের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। মিজারুল কায়েস বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের দীর্ঘদিনের সমস্যা ছিটমহল বিনিময়, অপদখলীয় জমি হস্তান্তর ও অচিহ্নিত সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় অপদখলীয় জমিগুলো কোথায় কি অবস্থায় আছে তা দেখতে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এ সমীক্ষার অংশ হিসেবে তামাবিলসহ ভারতের সঙ্গে সীমান্তের যে সব জায়গায় অপদখল আছে তাতে জরিপ চলছে। সচিব জানান, জরিপের মূল লক্ষ্য হচ্ছে অপদখলীয় এলাকায় বিদ্যমান আর্থ-সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করা। জরিপ শেষে একটি প্রতিবেদন দেওয়া হবে। তারপর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। এখন কোন জমি হস্তান্তর হচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বিষয়টির সুরাহা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা তো আসন্ন সফরের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। কারণ এ ধরণের ঐতিহাসিক সফরের সময় বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। কাজেই তিস্তার পানি বন্টন চুক্তি সই, ঋণ সহায়তা চুক্তির বাস্তবায়ন ও সীমান্তের অমীমাংসিত সমস্যার ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী।’ মিজারুল কায়েস জানান, সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা আগামী ৬ থেকে ৮ জুলাই ঢাকা সফর করবেন। এছাড়া অটিজম বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন ভারতের ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরীক কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী। গভীর সমুদ্র বন্দরের নকশা হয়নি: গভীর সমুদ্র নির্মাণে চীনের কাছে সহায়তা চাওয়া হলেও এ ব্যাপারে কোন রূপরেখা এখনো তৈরি হয়নি বলে স্বীকার করেছেন পররাষ্ট্রসচিব।সচিব বলেন, ‘যেহেতু গত এক বছর ধরেই চীন এ ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে আসছে, আমরা প্রকল্পের একটি নকশাসহ প্রস্তাবের একটি রূপরেখা তৈরির কাজ করছি।’ তিনি আরও জানান, বাংলাদেশ যেহেতু এখনো বন্দরের অবকাঠামোর নকশা তৈরি করতে পারেনি, তাই এ পর্যন্ত কোন দেশ কি পরিমাণ সাহায্য দেবে সেটা জানায়নি।