সীমান্তে উত্তেজনা ছড়িয়ে মহলবিশেষ ফায়দা লোটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের বিদায়ী মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ‘কোনো মহল ও কিছু লোক’ উত্তেজনা ছড়ায়। এর ফলে কিছু লোক আর্থিকভাবে লাভবান হয়। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক ঘটনাবলি এর প্রমাণ। গত ১৪ মাসে দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান হিসেবে তাঁর অভিজ্ঞতা গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিনিময় করতে গিয়ে গতকাল রোববার বিডিআরের ডিজি এ কথা বলেন। বিডিআর সদর দপ্তরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।বিশেষ করে গত বছরের বিডিআর বিদ্রোহ-পরবর্তী সময়ে তাঁর দায়িত্ব গ্রহণ, বিদ্রোহের বিচার ও সীমান্তরক্ষী বাহিনীটির পুনর্গঠন—এসব বিষয় উঠে আসে মেজর জেনারেল মো. মইনুলের বক্তব্যে।সীমান্তে উত্তেজনা হলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়, মন্তব্য করে ডিজি বলেন, এ জন্য কেউ যাতে সীমান্তে উত্তেজনা ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিরপরাধ লোকজনের হত্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিজি দাবি করেন, বিডিআর বিদ্রোহ-পরবর্তী সময়ে সীমান্তে বিএসএফের হাতে লোকজনের প্রাণহানির ঘটনা কমেছে। তিনি জানান, এ সময়ে হত্যার যেসব ঘটনা ঘটেছে তার প্রতিটির তদন্ত করছে বিএসএফ।সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিডিআরের ডিজি বলেন, ‘কিছু ব্যক্তি ও মহল সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটায়। কাজেই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’ডিজি মত দেন, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় প্রাণহানি রোধের লক্ষ্যে রাতের বেলা অপরাধপ্রবণ সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে লোকচলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা অপরিহার্য। এর ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা কমবে। মেজর জেনারেল মইনুল বলেন, দুই প্রতিবেশী দেশের চার হাজার কিলোমিটার সীমান্তের মধ্যে মাত্র চারশ কিলোমিটারের মতো স্থানে এ ধরনের এলাকা রয়েছে। বিডিআর বিদ্রোহের কারণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মইনুল ইসলাম বলেন, কিছু অতি উৎসাহী লোকের অযথা গুজবের কারণে পিলখানায় বিডিআর সদর দপ্তরে কলঙ্কজনক ঘটনা ঘটেছিল। তারা গুজব ছড়িয়ে সেদিন দেশের সীমান্তরক্ষী বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।বিদ্রোহের আসল মদদদাতা কারা এবং তাদের খোঁজ পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি এ ব্যাপারে সরাসরি জবাব না দিয়ে বিডিআরের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। ডিজি বলেন, বিডিআরের তথ্য সংগ্রহের পদ্ধতি হচ্ছে তদন্ত আদালতে কথা বলা। এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে তথ্য সংগ্রহের সাংগঠনিক কিংবা আইনি ক্ষমতা নেই। কাজেই বিষয়টি সুরাহা করতে পারে সিআইডি। কারণ একমাত্র ওই সংস্থারই বিশেষায়িত দক্ষতা আছে।