সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়।ওই ব্যক্তির নাম মোশারফ ফকির (২৭)। তিনি কলারোয়ার হিজলদী গ্রামের ঈমান আলী ফকিরের ছেলে। গতকাল দুপুরে মোশারফ সীমান্তসংলগ্ন জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের স্বরূপনগর থানার গণরাজপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা অস্ত্রের মুখে তাঁকে ধরে নিয়ে যান। এ নিয়ে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা আনারুল মাজাহার জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশের ভেতর থেকে কাউকে আটক করা হয়নি বলে জানানো হয়। বিএসএফ জানায়, মোশারফ কন্টেইনারে করে মাছের খাবার অবৈধ পথে ভারতে পাচার করছিলেন। এ সময় তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।