সীমান্তে ওয়াচ টাওয়ার ও ডিভাইস বসানো হবে: বিজিবি মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন

সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোল সীমান্তে ওয়াচ টাওয়ার, থার্মাল স্ক্যানার ও ডিভাইস বসানো হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। আজ মঙ্গলবার দুপুরে যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সীমান্তে কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণের বিষয়ে মহাপরিচালক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের যাতে সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া হয়, সে জন্য সরকার আন্তরিক। আমরাও আন্তরিক।’ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে কোনো গরু আসবে না বলেও তিনি জানিয়ে দেন।
পরে তিনি বেনাপোল পুটখালী, দৌলতপুর, গাতিপাড়া ও সাদিপুর সীমান্ত এলাকা ঘুরে দেখেন। বিকেলে বেনাপোল তল্লাশিচৌকির (চেকপোস্ট) শূন্যরেখায় দুই দেশের রি-ট্রেট শ্রিমনি (জাতীয় সংগীতের মাধ্যমে দুই দেশের ফটক বন্ধ অনুষ্ঠান) উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কমান্ডার ওহিদুজ্জামান, সেক্টর কমান্ডার ইকবাল হোসেন, ৪৯ বিজিবির অধিনায়ক খবির উদ্দিন ও ২১ বিজিবি অধিনায়ক আরিফুর রহমান প্রমুখ।