সীমান্তে গড়া ঘরেও বন্যার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার ভাঙনে হুমকির মুখে পড়েছে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৫ দিন ধরে পদ্মার পানিতে প্লাবিত হয়ে আছে বিদ্যালয়ের মাঠ। গতকাল সকালে তোলা ছবি  প্রথম আলো
পদ্মার ভাঙনে হুমকির মুখে পড়েছে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৫ দিন ধরে পদ্মার পানিতে প্লাবিত হয়ে আছে বিদ্যালয়ের মাঠ। গতকাল সকালে তোলা ছবি প্রথম আলো

পদ্মা নদীর ভাঙনে তিনবার বাড়িঘর সরিয়ে আশ্রয়হীন ইনছার আলী (৭০) মাস খানেক আগে ভারতের সীমান্ত পিলারের ৫০ গজের মধ্যে গিয়ে বাড়ি করেছেন। ১৫ দিন ধরে সেই বাড়িও বন্যার পানিতে ডুবে আছে।
ইনছার আলীর স্ত্রী সুন্দর বেগম (৬৫) বলেন, ‘বিএসএফ কী কইরবে, সে চিন্তা মাথায় ছিল না। জান বাঁচাইতে ডাঙ্গা দেখ্যা বাড়ি কর‌্যাছিনু। হপাক কর‌্যা পানি আইস্যা ডুবি দিয়্যা গেল।’
রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর ও চরখানপুরের পাঁচ শতাধিক পরিবার গত দুই মাসে পদ্মা নদীর ভাঙনে গৃহহারা হয়ে ভারতের সীমান্তরেখা বরাবর বাড়িঘর সরিয়ে নিয়েছিল। ওই সব পরিবারের সদস্যদের অনেকেই ঘরের চাল ফেলে রেখেছেন। অনেকেই নতুন করে ঘর তুলেছেন। আবার কেউ কেউ পদ্মা পার হয়ে রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছেন। ২৩ আগস্ট চরখিদিরপুর বিজিবি ক্যাম্পটি নদীগর্ভে বিলীন হয়। ক্যাম্পের সদস্যরা প্রায় আধা কিলোমিটার দূরে চরখিদিরপুর প্রাথমিক বিদ্যালয় ভবনে গিয়ে আশ্রয় নিয়েছেন। এর পর থেকে বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, ১৯ আগস্ট যেখানে চরখিদিরপুর বিজিবি ক্যাম্প ছিল, সেখান থেকে নদী আরও প্রায় ২০০ গজ দক্ষিণে সরে গেছে। নতুন করে হুমকির মুখে পড়েছে চরখিদিরপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে আশ্রয় নেওয়া বিজিবির সদস্যরা বলেন, চোখের পলকে ক্যাম্পের পাকা ভবন, মসজিদ, রন্ধনশালা ও শৌচাগার পানিতে পড়ে অদৃশ্য হয়ে গেল। ঘরের একটি জিনিসও তাঁরা খুলে নিতে পারেননি। এদিকে বিদ্যালয়ে আশ্রয় নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম বলেন, বাড়িঘর ভেঙে গ্রামের পরিবারগুলো ছন্নছাড়া হয়ে গেছে। বিদ্যালয়ের সব শিক্ষার্থীকেও আর পাওয়া যাচ্ছে না। তা ছাড়া ভাঙন এভাবে অব্যাহত থাকলে বিদ্যালয় এখানে থাকবে কি না, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন বিদ্যালয় থেকে নদী মাত্র ১৫০ গজ দূরে; যেকোনো সময় ভেঙে যেতে পারে।
গ্রামের ভেতরে গিয়ে দেখা যায়, গ্রামের শুকনা জায়গা বলতে একমাত্র সড়কটি। গ্রামের সব মানুষ এই সড়কের পাশে এসে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় লোকজন বলেন, এখান থেকেও নদী আর বেশি দূরে নেই। ভাঙন রোধ করতে না পারলে বাংলাদেশের মানচিত্র থেকে এই ভূখণ্ড চিরদিনের জন্য হারিয়ে যাবে। পাউবোর মহাপরিচালক সাংবাদিকদের কাছে যেকোনো মূল্যে বাংলাদেশের ভূখণ্ড রক্ষার ঘোষণা দেন।