সীমান্তে গুলি, হত্যা কমিয়ে আনার আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি বাস্তবায়ন করা এবং সীমান্তে গুলিবর্ষণ ও বাংলাদেশিদের হত্যার ঘটনা কমিয়ে আনাসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বিজিবি ও বিএসএফ।
গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় খুলনা শহরের একটি হোটেলে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে চার দিনব্যাপী আঞ্চলিক কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন। প্রথম দিনের সম্মেলন শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ওই প্রত্যয় ব্যক্ত করেন প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুর রহমান ও বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) সঞ্জীব কৃষ্ণান সুদ উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম দিনের আলোচনাকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনের মাধ্যমে সীমান্ত উত্তেজনা কমিয়ে আনাসহ দুই দেশের মধ্যে সীমান্ত অপরাধ ও অপরাধীদের দমন করা এবং আন্তর্জাতিক সীমান্ত নীতিমালার শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
সীমান্ত সম্মেলনে বিজিবির রংপুর ও যশোরের আঞ্চলিক কমান্ডার এবং বিএসএফের ফ্রন্টিয়ার আইজি, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ও গুয়াহাটির ফ্রন্টিয়ার পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক। বিএসএফের ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি।
সংবাদ সম্মেলনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক লতিফুর রহমান বলেন, ভারতীয় সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যা, আটক, অপহরণ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, মানবপাচারের মতো ঘটনা রোধ এবং সীমানা পিলার রক্ষণাবেক্ষণে এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, সীমান্ত অপরাধ দমনে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও চলমান কর্মপদ্ধতি আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের প্রধান সঞ্জীব কৃষ্ণান সুদ বলেন, গত তিন বছরে সীমান্তে অপ্রীতিকর ঘটনা এক-পঞ্চমাংশে নেমে এসেছে। চোরাচালানপ্রবণ এলাকায় দ্রুত বেড়া নির্মাণের ওপর জোর দিয়েছেন তিনি।