সীমান্তে গুলিতে নিহত ব্যবসায়ী কোন দেশি?
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে’ মো. রুহুল আমিন (২৬) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই ঘটনা ঘটে। রুহুল আমিন ভারতীয় নাকি বাংলাদেশি তা নিয়ে প্রশ্ন উঠেছে।
চুয়াডাঙ্গায় বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান দাবি করেন, ‘রুহুল দ্বৈত নাগরিকত্ব ছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছেই মোস্ট ওয়ান্টেড। তাঁর বিরুদ্ধে ভারত ও বাংলাদেশর বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।’ তিনি বলেন, বিএসএফের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, রুহুল ডাকাতি করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন। তিনি ভারতের নদীয়া জেলার চাপড়া থানার বড়ইগাতি গ্রামের কাসিম মণ্ডলের ছেলে। ময়নাতদন্ত শেষে ভারতে তাঁর স্ত্রী আছিয়া এবং দুই ভাই আজিবুল মণ্ডল ও রবিউল মণ্ডল লাশ গ্রহণ করেছেন। তাই লাশ আর বাংলাদেশে আনার সুযোগ নেই।
এদিকে আজ শুক্রবার দুপুরে নিজেকে নিহত রুহুলের স্ত্রী দাবি করে আসমিনা খাতুন বলেন, ‘রুহুল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের মসজিদপাড়ার মো. বাবলুর রহমানের বড় ছেলে। রুহুলের জাতীয় পরিচয়পত্র আইডি নম্বর ১৯৮৯১৮১৩১৫৯০০০০১৭।’ আসমিনা বলেন, তাঁর স্বামী ছয়-সাত বছর ধরে ভারত থেকে গরু আনার ব্যবসা করতেন। গতকাল সন্ধ্যার পর ভারতে গরু আনতে যান। সকালে কয়েকজন ব্যক্তি মুঠোফোনে তাঁকে জানান, বিএসএফের গুলিতে রুহুল নিহত হয়েছেন।
কার্পাসডাঙ্গা স্থানীয় ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য লিয়াকত আলী বলেন, ‘গরু ব্যবসায়ী রুহুল আমিন বাংলাদেশেরই নাগরিক। বিজিবি যা বলছে, তা ঠিক নয়।’