সীমান্তে জমি দখল পরে স্থিতাবস্থা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহামঞ্চদপুর সীমান্তে গত বুধবার ১০-১২ বিঘা অমীমাংসিত জমি দখল করেন ভারতের কৃষকেরা। পরে ওই জমির ওপর স্থিতাবস্থা জারির সিদ্ধান্ত নেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহামঞ্চদপুর গ্রামের কৃষক মুকুল হোসেন জানান, গত মঙ্গলবার দুপুরে অমীমাংসিত সীমানার ১০-১২ বিঘা জমিতে আবাদ করেন বাংলাদেশি কৃষকেরা। বুধবার সকালে একই জায়গায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী এলাকার কৃষকেরা সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতায় ওই জমি দখল করেন। পরে বাংলাদেশি কৃষকেরা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পে জানান।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল হক বলেন, সেখানে প্রায় ২০-২৫ বিঘা জমি দখলের পাঁয়তারা করছেন ভারতের কৃষকেরা।
বিজিবি জানায়, অমীমাংসিত জমি নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর ও বাউশমারীর মধ্যবর্তী স্থানে বিওপি ক্যাম্প পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিষয়টি নিয়ে ২৯ নভেম্বর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক হবে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অমীমাংসিত জমির ওপর স্থিতাবস্থা বজায় থাকবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া সেক্টরের ৩২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক মাহমুদ।