সীমান্তে জরিপ বন্ধে মানববন্ধন-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সীমান্ত জরিপ নিয়ে জৈন্তাপুরে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘আমরা জৈন্তাপুরবাসী’।সিলেটের সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত যৌথ জরিপ বন্ধ করার দাবিতে গতকাল বুধবার বিকেলে জৈন্তাপুর উপজেলা সদরে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।বিকেল পাঁচটায় জৈন্তাপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে একাত্ম হন চারদলীয় জোটের নেতা-কর্মীসহ স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন চলাকালে সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মালিক, যুবদলের সভাপতি দিলওয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।সীমান্ত জরিপ নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় ডেকে নিয়ে এ রকম অপ্রীতিকর ঘটনা এবং দুদিন পরও প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। ‘আমরা সীমান্তবাসী বেঁচে থাকতে এক ইঞ্চি ভূমি হাতছাড়া হতে দেব না’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।একই দাবিতে দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে মানববন্ধন হয়েছে ‘আমরা গোয়াইনঘাটবাসী’ ব্যানারে। মানববন্ধনে সীমান্ত এলাকার সহস্রাধিক জনগণ একাত্ম হয়। মানববন্ধন চলাকালে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সাবেক সাংসদ দিলদার হোসেনসহ লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান লুৎফুল হক প্রমুখ বক্তব্য দেন।কর্মসূচি শেষে দিলদার হোসেন প্রথম আলোকে জানান, ২৭ জুন লোকজনকে ডেকে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগ প্রশাসনের কর্মকর্তাদের সামনে ভিন্নমত পোষণকারী সাধারণ লোকজনকে পিটিয়ে সভাস্থল থেকে তাড়িয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তি না হলে সীমান্তে চলমান আন্দোলনের সঙ্গে এ বিষয়কে যুক্ত করে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।এদিকে সিলেটে বিভিন্ন শিক্ষক-চিকিৎসক-ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে ‘বাংলাদেশ সীমান্ত রক্ষা আন্দোলন’ নামে একটি মোর্চা গঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের একটি রেস্তোরাঁয় নবগঠিত এ মোর্চার প্রথম সভা হয়।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজাদুল করিমের সভাপতিত্বে সভায় সাবেক সাংসদ আবদুল কাহির চৌধুরী, বিএমএর সাবেক নেতা শাহারিয়ার হোসেন চৌধুরী, চিকিৎসক শিশির আহম্মদ, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের সভাপতি মঈনউদ্দিন চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক প্রমুখ বক্তব্য দেন। আগামী শনিবার রাত নয়টায় একই স্থানে আরেকটি সভা আহ্বান করা হয়েছে।উল্লেখ্য, সিলেটের তামাবিল, পাদুয়া, ডিবির হাওরসহ সীমান্তের ১০টি স্থানে শুরু হওয়া বাংলাদেশ-ভারত যৌথ জরিপ স্থানীয় জনগণের বাধার কারণে ১৮ জুন থেকে বন্ধ রয়েছে।