সীমান্তে দেয়াল তোলার প্রস্তাব মিয়ানমারে
বাংলাদেশের সঙ্গে সীমান্তে ইটের দেয়াল নির্মাণের একটি প্রস্তাব তোলা হয়েছে মিয়ানমারে। দেশটির রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) আরাকান রাজ্যের আইনসভায় এ প্রস্তাব তুলেছে। গত সপ্তাহে তোলা এ প্রস্তাবের ওপর গত সোমবার বিতর্ক শেষে আনুষ্ঠানিকভাবে তা নথিবদ্ধ করা হয়েছে।
ইউএসডিপির বুথিদং আসনের সাংসদ উ জো জো মিয়েন এ প্রস্তাব পেশ করেছিলেন। আইনসভায় হওয়া বিতর্কের সময় তিনি মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বাংলাদেশের সঙ্গে সীমান্তে ৩০ থেকে ৪০ ফুট উঁচু ইটের দেয়াল নির্মাণের সুপারিশ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে তৈরি দেয়ালটি ৫ থেকে ১০ ফুট পুরু হতে পারে।
অবৈধ অভিবাসীদের এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত প্রতিরোধে এ দেয়াল নির্মাণ করা উচিত বলে মন্তব্য করেন জো মিয়েন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোও এ ধরনের দেয়াল নির্মাণের বিষয়ে ভাবছে।
আইনসভায় তোলা ওই প্রস্তাবে তিনজন সাংসদ সমর্থন জানিয়েছেন। রাজ্যের মন্ত্রিসভার পক্ষে নিরাপত্তা ও সীমান্তবিষয়ক মন্ত্রী কর্নেল তেইন লিন এ প্রস্তাবের বিস্তারিত নথিবদ্ধ করার কথা বলেন। এ সময় তিনি প্রস্তাবে থাকা ‘দেয়াল নির্মাণ’ শব্দের বদলে ‘উন্নত নিরাপত্তাব্যবস্থা’ ব্যবহারের সুপারিশ করেন।
কর্নেল তেইন লিন বলেন, আরাকান রাজ্যের সরকার বর্তমানে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ করছে। এরই মধ্যে ১২৭ মাইল এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হয়েছে। তিনি বলেন, ‘এ প্রস্তাবে আপত্তি করছি না। কারণ, এরই মধ্যে এ নিয়ে আমাদের কাজ চলছে।’