সীমান্তে নদী খুঁড়ে কয়লার কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর তীরে গর্ত খুঁড়ে বের করা হয় কয়লা। বস্তাবন্দী করে তীরে বসেই চলে মাপজোখ ও বেচাকেনা। শুষ্ক মৌসুমের শুরুতে সিলেটের জৈন্তাপুরের সীমান্ত নদী সারীর উৎসমুখ থেকে লালাখাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এভাবেই চলছে কয়লার কারবার।প্রতিদিন শতাধিক নৌকা নিয়ে শ্রমিকেরা নদী খুঁড়ে কয়লা তোলেন। কারবারিদের সুবিধায় তীর কেটে ট্রাক চলার রাস্তাও করা হয়েছে। এতে সারীর উৎসমুখসহ পর্যটকদের কাছে দর্শনীয় লালাখাল বিপন্ন হওয়ার পথে। যত্রতত্র খোঁড়াখুঁড়িতে নদী-প্রকৃতিসহ পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর তা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এ নদীর একাধিক খালের মধ্যে লালাখাল পর্যটকদের একটি স্থান। স্বচ্ছ জলের ধারার জন্য সারী সিলেটের ‘নীলনদ’ হিসেবে পরিচিত।খোঁড়াখুঁড়ির কারণে ভবিষ্যতে নদীর কী রকম ক্ষতি হতে পারে, জানতে চাইলে বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী আইনুন নিশাত প্রথম আলোকে জানান, অপরিকল্পিত এ খোঁড়াখুঁড়ির ক্ষতি অপূরণীয়। তিনি জানান, যেকোনো নদীর উৎসমুখ অক্ষত থাকলে নদীর পানিপ্রবাহ সচল থাকে। নদীর উৎসমুখ শুকালেও তাতে কোনো ধরনের নিয়ন্ত্রণ করা মানে নদীকে নিয়ন্ত্রণ করা। যত্রতত্র খোঁড়াখুঁড়ি বর্ষাকালে নদীর গতিপথ পরিবর্তন এমনকি উৎসমুখে প্রতিবন্ধকতাও দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় নদী আইন অনুযায়ী বেআইনি খোঁড়াখুঁড়ি বন্ধ করতে হবে।১০ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, সীমান্তের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) অবস্থিত সারীর উৎসমুখের পুরোটা অরক্ষিত। নদীতীরে ট্রাকের চলাচল আর নদী খোঁড়াখুঁড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সতর্কতা কেউ মানছে না। সেখান থেকে লালাখাল পর্যন্ত নৌকা নিয়ে শ্রমিকেরা নদীতীর ও জেগে ওঠা চর খোঁড়াখুঁড়ি করছেন। একেকটি গর্ত তিন থেকে পাঁচ ফুট গভীর করে খোঁড়া হয়। এভাবে একের পর এক গর্ত করায় সারীর উৎসমুখ নদীর মতো দেখাচ্ছে না। একইভাবে সারীর শাখা লালাখালের ৪০০ ফুট এলাকায় চলছে খোঁড়াখুঁড়ি। শ্রমিকেরা জানান, একটি নৌকায় পাঁচ-সাতজন শ্রমিক কাজ করেন। তাঁদের একজন সরদার থাকেন। তিনি তাঁদের দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা মজুরির ভিত্তিতে কাজ করান। উত্তোলিত কয়লা শ্রমিক সরদারদের কাছ থেকে কারবারিরা বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকায় কেনেন। তিন থেকে পাঁচ টন ওজন নিতে সক্ষম চার থেকে ছয়টি ট্রাক প্রতিদিন কয়লা পরিবহন করে।নদীতীরের স্থায়ী বাসিন্দারা জানান, প্রায় এক মাস ধরে খোঁড়াখুঁড়ি চলছে। চারিকাটা গ্রামের এক কৃষক জানান, লালাখালে শীতে অনেকেই বেড়াতে আসেন। তখন এসব গর্ত থেকে চোরাবালির সৃষ্টি হয়। গত বছর চোরাবালিতে আটকা পড়ে দুই পর্যটকের মৃত্যুর কথা জানিয়ে তিনি বলেন, ‘ইনও খালি টেখার কারবার। কে হুনব কার কথা!’কয়লার কারবারিরা জানান, তাঁরা বালু-পাথরের ব্যবসা করেন। কয়লার এ কারবার মৌসুমভিত্তিক। বর্ষায় পাহাড়ি ঢলের সঙ্গে বালু-পাথরের সঙ্গে কয়লা নেমে আসে। শুকনা মৌসুমে পানি কমলে নদীর তলায় আটকে থাকে কয়লা। এ মৌসুমে প্রায় তিন মাস কয়লার ব্যবসা করেন তাঁরা। সারী ও লালাখাল থেকে তোলা কয়লা তামাবিল স্থলবন্দরে বিক্রি করা হয়। পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘সারী নদীতে বালুমহাল রয়েছে। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে নদী রক্ষায় বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। বালুর কারবারিরা এ কাজ করছেন কি না, স্থানীয় প্রশাসনের মাধ্যমে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ রাশিদুল ইসলাম গত সোমবার প্রথম আলোকে জানান, নদীতীর যত্রতত্র খোঁড়াখুঁড়ির বিষয়টি জানার পর প্রশাসনের ভূমিসংশ্লিষ্ট শাখা সরেজমিনে সত্যতা পেয়েছে। তিনি বলেন, ‘দু-এক দিনের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেব।’