সীমান্তে নদী খুঁড়ে কয়লার কারবার বন্ধ করল প্রশাসন
সিলেটের জৈন্তাপুরের সীমান্ত নদী সারীর উৎসমুখ থেকে লালাখাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় নদীর তীর খুঁড়ে কয়লার কারবার বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত বুধবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের একটি দল সরেজমিনে গিয়ে কারবারিদের কয়লার বস্তা জব্দ করে এবং অবৈধ কারবারিদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ‘সীমান্তে নদী খুঁড়ে কয়লার কারবার’ শিরোনামে গত বুধবার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পায়। এরপর তারা সেখান থেকে ১৮০ বস্তা কয়লা জব্দ করে। পরে জব্দ করা কয়লা নিলামে বিক্রি করে দেওয়া হয়। অবৈধ কারবারিদের শনাক্ত করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।কয়লার কারবার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে গতকাল বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ রাশেদুল ইসলাম জানান, মুচলেকা নেওয়া কারবারিদের তালিকা প্রশাসনের হাতে রয়েছে। ফের নদী খোঁড়াখুঁড়ি শুরু করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।